রাবিতে নকলের অভিযোগ: শাবিপ্রবিতে দিব্যর ভর্তি স্থগিত
শাবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় নকলের অভিযোগে আটক হওয়ার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তির সুযোগ পাওয়া সেই বিতর্কিত শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি।
ভর্তি কমিটির সূত্রে জানা যায়, দিব্য জ্যোতি সাহা নামের ওই শিক্ষার্থী রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার করে ‘ডিপসিক’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার সময় আটক হন। এ ঘটনা গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে শাবিপ্রবিতে তার ভর্তি নিয়ে সন্দেহ তৈরি হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি জানান শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।
তিনি জানান, দিব্য জ্যোতি সাহা শাবিপ্রবির ‘এ-১’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৫.৭৮ নম্বর পেয়ে মেধা তালিকায় ৯৯তম স্থান অর্জন করেন। তিনি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তির জন্য মনোনীত হন।
অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম আরো বলেন, “ভর্তির সময় ওই শিক্ষার্থী প্রয়োজনীয় মার্কশিট জমা দিতে পারেননি। তিনি জানিয়েছেন, তার মার্কশিট হারিয়ে গেছে। এ কারণে আপাতত তার ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং তাকে আজকের মধ্যে সাধারণ ডায়েরির (জিডি) কপি জমা দিতে বলা হয়েছে।”
পরবর্তীতে ওই ভর্তি পরীক্ষার্থী সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জিডির কপি জমা দেন বলে জানান সদস্য সচিব।
তার ভর্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “শিক্ষার্থীর সব কাগজপত্র আমরা সংরক্ষণ করেছি। বিষয়টি ভর্তি কমিটির বৈঠকে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ বিষয়ে জানতে ভর্তি পরীক্ষার্থী দিব্য জ্যোতি সাহার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে সোমবার থেকে শাবিপ্রবির ‘এ-১’ ইউনিটের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে সকাল ও বিকেল, দুই শিফটে মেধা তালিকার প্রথম ৫০০ জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি মেধা তালিকার ৫০১ থেকে ৯৬০ নম্বর সিরিয়ালের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
ঢাকা/ইকবাল/জান্নাত