শেষ ওভারে ১২ রান তুলে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। রোমাঞ্চকর ম্যাচে সোমবার থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
জয়ের জন্য বাংলাদেশকে ঘাম ছুটাতে হয়েছে। থাইল্যান্ডের দেওয়া ১০৪ রানের লক্ষ্য ছুঁতে শেষ ওভারে দরকার ছিল ১২ রান। আগের ১৯ ওভারে কোনোটিতেই ১০ রানের বেশি নিতে পারেনি বাংলাদেশ। তবুও বাজি ছিল বাংলাদেশের পক্ষে। কেননা ক্রিজে টিকে ছিলেন ফারজানা ইয়াসমিন। শরিফা খাতুন প্রথম বলে ১ রান নেওয়ার পর ফারজানা স্ট্রাইক পান। দ্বিতীয় বলে চার মেরে দলকে চাঙ্গা করে তোলেন ডানহাতি ব্যাটসম্যান। পরের বল ডাউন দ্য উইকেটে এসে লং অফ দিয়ে সীমানার বাইরে পাঠান। তাতে উল্লাস ছড়িয়ে পড়ে দলে।
শেষ ৩ বলে এবার দরকার ১ রান। চতুর্থ বলে অবশ্য আউট হয়ে যান ফারজানা। তবে পঞ্চম বলে জান্নাতুল ফেরদৌস জয়সূচক রান নিলে বাংলাদেশ ‘এ’ দল ১ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায়। ফারজানার শেষ ঝড়ে বাংলাদেশ পেয়েছে টানা দ্বিতীয় জয়। এর আগে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৪ রানে হারিয়েছিল বাংলাদে।
গ্রুপ পর্বে এখনও বাংলাদেশের এক ম্যাচ বাকি। বুধবার মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন তারা। সোমবার ব্যাংককে থাইল্যান্ড জাতীয় দল আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ১০৩ রানের বেশি তুলতে পারেনি। বাংলাদেশ সহজ ম্যাচ কঠিন করে জেতে শেষ ওভারে। ১৫ বলের ইনিংসে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রান করে বাংলাদেশের জয়ের নায়ক ফারজানা।
বাংলাদেশের ব্যাটিং তেমন ভালো হয়নি। শুরুর ৪ ওভারেই ৩ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। সেখান থেকে হাল ধরেন শামীমা সুলতানা ও লতা মন্ডল। তারা ৪৫ রান যোগ করেন। শামীমা ২৯ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন। ভালো করতে পারেননি ফাহিমা। ১২ রান আসে তার ব্যাট থেকে। ক্রিজে গিয়ে ফারজানা শট খেলতে থাকলেও লতা হুট করেই তাকে একা রেখে আউট হন। ৪০ বলে ৩০ রান করেন লতা।
জয়ের কাজটা কঠিন হলেও ফারজানা সিদ্ধহস্তে শেষ করে আসেন। ব্যাটিং ভালো না হলেও বোলিং ঠিকঠাক ছিল বাংলাদেশের মেয়েদের। থাইল্যান্ডের মেয়েদের বেশিদূর যেতে দেয়নি। ফাহিমা ও শরিফা খাতুন ২টি করে উইকেট শিকার করেন। থাইল্যান্ডের দুই ব্যাটসম্যান কেবল রান পেয়েছেন। নাত্থাকান চান্থাম ২৪ ও কোঞ্চারুইনকাই ৩৪ রান করেন।
ঢাকা/ইয়াসিন/আমিনুল