ট্রটের জায়গায় রিচার্ড পাইবাস, নতুন কোচে নতুন পথচলায় আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর কোচিং বিভাগে পরিবর্তন আনল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডে জন্ম নেওয়া অভিজ্ঞ কোচ রিচার্ড পাইবাসকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সব সংস্করণেই দলের দায়িত্বে থাকবেন তিনি।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন পাইবাস। জনাথন ট্রটের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। টানা তিন বছর দায়িত্ব পালনের পর বিশ্বকাপ অভিযান শেষেই সরে দাঁড়ান ট্রট।
খেলোয়াড় হিসেবে পাইবাসের ক্যারিয়ার খুব দীর্ঘ হয়নি। চোটের কারণে খুব দ্রুতই থেমে যায় তার ক্রিকেটজীবন। ১৯৮৬ সালে সাফোকের হয়ে মাত্র একটি ‘লিস্ট এ’ ম্যাচ খেলেছিলেন। তবে কোচ হিসেবে বিশ্বজুড়ে রয়েছে তার সমৃদ্ধ অভিজ্ঞতা।
১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ ছিলেন পাইবাস। তার তত্ত্বাবধানেই পাকিস্তান ১৯৯৯ একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। ২০১৩ সালে অল্প সময়ের জন্য বাংলাদেশের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
এ ছাড়া ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত ছয় বছর ওয়েস্ট ইন্ডিজ দলে নানা ভূমিকায় কাজ করেছেন। কখনও ক্রিকেট পরিচালক, কখনও উচ্চ পারফরম্যান্স বিশেষজ্ঞ, আবার শেষ দিকে প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে মিডলসেক্স এবং দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে বর্ডার ও টাইটানসের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘মৃত্যুকূপ’ নামে পরিচিত কঠিন গ্রুপে পড়ে প্রথম দুই ম্যাচেই নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নিতে হয়েছে আফগানিস্তানকে। সেই ধাক্কার পর নতুন কোচের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দলটি।
মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান। ১৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত চলবে এই সিরিজ। নতুন কোচের অধীনে সেটিই হবে আফগানদের প্রথম পরীক্ষা।
ঢাকা/আমিনুল