ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১২ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হিরো আলমের সিনেমা প্রদর্শনের অযোগ্য

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
হিরো আলমের সিনেমা প্রদর্শনের অযোগ্য

হিরো আলম

আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম, হিরো আলম নামেই বেশি পরিচিত তিনি। তার অভিনীত সিনেমা ‘বউ জামাইয়ের লড়াই’ সেন্সরবোর্ডের ছাড়পত্র পায়নি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটিকে প্রদর্শনের অনুপযোগী হিসেবে বিবেচনা করেছে। 

শুরুর দিকে সিনেমাটির প্রযোজক হিসেবে হিরো আলমের নাম থাকলেও পরবর্তীতে প্রযোজনায় যুক্ত হন সত্তর দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। তার প্রযোজনা প্রতিষ্ঠান উজ্জ্বল ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন বাবুল রেজা। 

আরো পড়ুন:

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে সিনেমাটির জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। পরিচালক (উৎপাদন) কামাল মোহাম্মদ রাশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উজ্জ্বল ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি বিএফডিসিতে তালিকাভুক্ত নয় এবং এ খাতে সংস্থাটির কোনো আর্থিক পাওনা না থাকায় অনাপত্তি প্রদান করা হয়েছে। 

তবে সেন্সরবোর্ডে প্রদর্শনের পর সিনেমাটি ছাড়পত্র পায়নি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, “চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে এই সময়ে মানসম্মত সিনেমা প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের সিনেমা প্রদর্শনের উপযোগী নয় বলেই বোর্ড সিনেমাটি বাতিল করেছে। প্রযোজক পুনরায় আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে।” 

২০২১ সালের ২০ নভেম্বর সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়। তখন প্রযোজক হিসেবে হিরো আলমের নাম থাকলেও সাম্প্রতিক নথিতে প্রযোজক হিসেবে উজ্জ্বলের নাম দেখা যায়। বর্তমানে হিরো আলম কারাগারে থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। 

সিনেমাটিতে হিরো আলম ও মুনমুনের পাশাপাশি অভিনয় করেছেন গাঙ্গুয়া, নুসরাত ও জারা জেরিন। 

উল্লেখ, আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা রয়েছে উজ্জ্বলের। দীর্ঘদিন স্থবির থাকার পর আগামী ৪ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও তা আবারও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। নানা জটিলতা ও আইনি প্রক্রিয়ার কারণে সমিতিটি বেশ কিছুদিন ধরেই কার্যত নেতৃত্বশূন্য।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়