ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে গাড়িচাপা দেওয়ার চেষ্টা, চালক আটক
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাড়ি চাপায় আহত বেলারুশ নাগরিক। সিসিটিভি ফুটেজ থেকে নেয়া ছবি।
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত নিকিমথ কোম্পানির প্রকৌশলী ও বেলারুশ নাগরিক হারশাকৌ উলাজিস্লাউকে (Harshakou Ulazislau) (৩০) প্রাইভেটকার দিয়ে ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গাড়িচালক সানজিদা হোসেনকে (২১) আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদী উপজেলার নতুনহাট গ্রীনসিটি সংলগ্ন বাজার এলাকায় গ্যালাক্সি বার-এর সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৪-৭৩৮২) বেলারুশ নাগরিককে লক্ষ্য করে দ্রুতগতিতে এগিয়ে আসে এবং চাপা দেওয়ার চেষ্টা করে। তিনি সরে যাওয়ার চেষ্টা করলে গাড়িটি তার পায়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই চালক গাড়িসহ দ্রুত স্থান ত্যাগ করে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গ্রীন সিটির অভ্যন্তরে অবস্থিত একটি মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আটক প্রাইভেটকার চালক সানজিদা হোসেন ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলার বাসিন্দা আরশাদ আলমের ছেলে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/শাহীন/জান্নাত