উইমেন্স এশিয়ান কাপ ঘিরে বর্ণিল আলোকসজ্জা ও উৎসবমুখর প্রস্তুতি
রেজাউল করিম, সিডনি (অস্ট্রেলিয়া) থেকে || রাইজিংবিডি.কম
অস্ট্রেলিয়ায় শুরু হয়ে গেছে উইমেন্স এশিয়ান কাপের জমজমাট আয়োজন। ১ মার্চ পার্থে এই টুর্নামেন্টের উদ্বোধন। তবে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার নর্থ সাউথ ওয়ালেসের সিডনিতে। সিডনি শহরের পারামাট্টা এলাকায় অবস্থিত ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ৩ মার্চ। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে থেকেই পারামাট্টা স্টেডিয়াম ও আশপাশের এলাকা রূপ নিয়েছে আলো, রঙ আর ফুটবল উৎসবের কেন্দ্রে।
উইমেন্স এশিয়ান কাপ উপলক্ষে পারামাট্টা নদীর বুকে স্থাপন করা হয়েছে চার মিটার দৈর্ঘ্য ও প্রস্থের একটি বিশাল ভাসমান ফুটবল। আগামী ১১ মার্চ পর্যন্ত এটি নদীতে ভাসমান থাকবে। প্রতিদিন হাজারো নৌপথের যাত্রী ও দর্শনার্থীর চোখে পড়বে এই আলোকিত প্রতীক। বিশেষ করে পারামাট্টা স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সময় এটি বাড়তি আকর্ষণ তৈরি করছে।
প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই ভাসমান ফুটবলে চালু থাকবে আলো ও শব্দের বিশেষ আয়োজন। ফুটবল দর্শকদের উচ্ছ্বাস, গ্যালারির শব্দ আর প্রাণবন্ত সুরের মাধ্যমে পুরো এলাকাজুড়ে তৈরি করা হয়েছে টুর্নামেন্টের আবহ। ওমেন্স এশিয়ান কাপের অস্ট্রেলিয়ার লোকাল অর্গানাইজেশন কমিটির কর্মকর্তারা জানিয়েছেন পুরো সিডনি শহরজুড়ে চলছে ফুটবল উন্মাদনা।
পশ্চিম সিডনিতে ছয়টি ম্যাচ এবং স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে এশিয়ার সেরা নারী ফুটবল দলগুলো এমন সব এলাকায় খেলবে, যেখানে ফুটবলভক্তদের উন্মাদনা সবচেয়ে বেশি।
পারামাট্টা সিটি কর্তৃপক্ষ বলছে, এই ভাসমান ফুটবল ও শহরজুড়ে নানা আয়োজন পারামাট্টাকে আন্তর্জাতিক ক্রীড়া ও বিনোদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তুলে ধরছে। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য রাস্তায় রাস্তায় নানা কার্যক্রম রাখা হয়েছে, যাতে সবাই এই উৎসবে অংশ নিতে পারে।
আয়োজকরা আশা করছেন, এই আলোকসজ্জা ও আয়োজনের মাধ্যমে নারী ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়বে। একই সঙ্গে অস্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের স্বাগত জানাতে সিডনি পুরোপুরি প্রস্তুত হয়ে উঠছে।
ঢাকা/রেজাউল/আমিনুল