অবশেষে একুশে পদকপ্রাপ্ত হলাম, আন্তরিক কৃতজ্ঞতা: ববিতা
চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক–২০২৬ গ্রহণ করলেন দেশের প্রখ্যাত অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা গ্রহণের মুহূর্তে আবেগাপ্লুত ববিতা বলেন, “অবশেষে একুশে পদকপ্রাপ্ত হলাম। আজ এই সম্মাননা গ্রহণ করেছি গভীর আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে। আমাকে রাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করায় রাষ্ট্রের প্রতি, এদেশের মানুষের প্রতি এবং আমার প্রিয় দর্শকদের প্রতি মন থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের উজ্জ্বল এই নায়িকা কয়েক দশক ধরে পর্দায় তার অভিনয়দক্ষতা, সংযত উপস্থিতি ও চরিত্রের গভীরতায় দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। একুশে পদক প্রাপ্তি তার শিল্পসাধনার রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবেই দেখছেন অনেকে।
এ বছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আরও যারা একুশে পদকে ভূষিত হয়েছেন, তারা হলেন—সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস। এছাড়া জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কেও এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি পুরস্কারপ্রাপ্তদের নাম ও তাদের গুণগত অবদানের বিবরণ পাঠ করে শোনান এবং পদক প্রদান পর্ব সঞ্চালনা করেন।
ঢাকা/রাহাত/শান্ত