ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিডি থাই ফুডের কারখানায় ডাকাতি ও মালামাল লুট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৬  
বিডি থাই ফুডের কারখানায় ডাকাতি ও মালামাল লুট

পুঁজিবাজারে খাদ‌্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বড়নারায়ণপুর এলাকায় অবস্থিত কারখানায় গত ১০ ফেব্রুয়ারি ডাকাতি ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অবহিত করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

গত ১৯ ফেব্রুয়ারি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ কর্তৃপক্ষ চিঠির মাধ্যমে ডাকাতি ও মালামাল লুটের বিষয়টি বিএসইসিকে অবহিত করে।

চিঠিতে বিডি থাই ফুড কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাত ৩০ থেকে ৪০ জন মুখোশধারী ডাকাত কারখানার ভেতরে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে সেখানে দায়িত্বরত ৬ থেকে ৭ জন নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে ফেলে এবং তাদের মারধর করে। এরপর কারখানার বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও মালামাল লুট করে নিয়ে যায়।

লুট হওয়া মালামালের তালিকায় উল্লেখ রয়েছে-একটি ১৪০০ কেভিএ সাব-স্টেশনসহ এর ভিতরের সমস্ত যন্ত্রাংশ লুট করে সাবস্টেশনটিকে সম্পূর্ণ অকেজো করা, দশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাওয়ার মোটর, তিনটি জেনারেটরের পাওয়ার কেবল, ব্যাটারি এবং বিভিন্ন কম্পোনেন্ট, আটটি কপার বার, এসটি ও এলটি ইলেকট্রিক্যাল পাওয়ার কেবল, মোটর, এসিবি ব্রেকার, কপার বার, ১২ ভোল্ট ব্যাটারি, দুইটি কম্পিউটার, পার্টিশনসহ থাই প্লাস ভাঙচুর, আলমারি ও টেবিলের লকার ভাঙচুর, একটি প্রাইভেটকার ভাঙচুর, নৈশপ্রহরীদের চারটি মোবাইল সেট এবং নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা।

ডাকাতি করে নিয়ে যাওয়া যন্ত্রপাতি ও নগদ টাকাসহ আনুমানিক দেড় কোটি টাকা হলেও পণ্য উৎপাদন ও বাজারজাত সর্বোপরি এর ব্যবসায়িক ক্ষতি অপূরণীয়। এ ঘটনায় বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় কর্মরত অ্যাকাউন্টস ও অ্যাডমিন অফিসার তারিফুল ইসলাম ধামরাই থানায় গত ১১ ফেব্রুয়ারি একটি এজাহার (এফআইআর) দায়ের করেন।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, এর আগে ২০২৪ সালের ডিসেম্বর এবং ২০২৫ সালের জানুয়ারি মাসে একই কারখানায় পরপর দুইবার ডাকাতির ঘটনা ঘটে। সে সময় থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোন ডাকাতকে প্রেপ্তার করা হয়নি এবং লুট হওয়া মালামালও উদ্ধার হয়নি। বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এরকম ধারাবাহিক ডাকাতিতে উক্ত কোম্পানির উৎপাদন প্রক্রিয়া সচল রাখা প্রায় অসম্ভব হয়ে পরেছে। ফলে কোম্পানির সব স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষা করা অত্যন্ত কষ্টকর হচ্ছে।

ঢাকা/এনটি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়