হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে বাস, পাশের ভবনে ছড়িয়ে যায় আগুন
কেরানীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৃহস্পতিবার প্রথম প্রহরে রাত ১২টা ৫০ মিনিটের দিকে বাসের আগুন ছড়িয়ে যায় রাস্তার পাশের ভবনে। ছবি: রাইজিংবিডি।
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রামেরকান্দা এলাকায় মধ্যরাতে যাত্রীবাহী একটি বাসে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে জ্বলতে বিস্ফোরিত হয় বাসটির ইঞ্জিন, তখন আগুন ছড়িয়ে যায় রাস্তার পাশের ভবনে।
বৃহস্পতিবার প্রথম প্রহরে রাত ১২টা ৫০ মিনিটের দিকে হঠাৎ এমন আগুন দেখে হকচকিয়ে যায় এলাকার মানুষ। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, দীর্ঘসময় জ্বলতে জ্বলতে বাসটি পোড়া কঙ্কালে পরিণত হয়। উপস্থিত লোকজন বলাবলি করছিলেন, আগুন লেগে যাওয়া ভবনে তারা মানুষ দেখতে পারছেন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, চলন্ত অবস্থায় হঠাৎ বাসটির ইঞ্জিন থেকে আগুন বের হয়। সেই আগুন নিমেষেই পুরো বাসে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীরা যে যার মতো নেমে প্রাণ বাঁচান।
ফায়ার সার্ভিসের ধারণা, বাসের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
রাত সোয়া ২টায় এই খবর লেখা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভবনের আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আনোয়ার হোসেন রাত ২টা ২০ মিনিটের দিকে রাইজিংবিডি ডটকমকে বলেন, “আগুন নিয়ন্ত্রণ এসেছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।”
ঢাকা/শিপন/রাসেল