ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের বিপক্ষে সিরিজে না-ও খেলতে পারেন ফখর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ৪ মার্চ ২০২৬  
বাংলাদেশের বিপক্ষে সিরিজে না-ও খেলতে পারেন ফখর

বাংলাদেশ সফর সামনে রেখে নতুন দুশ্চিন্তায় পাকিস্তান দল। হ্যামস্ট্রিং চোটের কারণে ওপেনার ফখর জামানের আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বুধবার এক খবরে বলা হয়েছে, বাঁহাতি এই ব্যাটার বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আগে মাঠে ফেরার সম্ভাবনা কম থাকায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ মিস করার আশঙ্কাই বেশি।

আরো পড়ুন:

সূচি অনুযায়ী পাকিস্তান দল ৯ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা। ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি একদিনের ম্যাচ।

৩৪ বছর বয়সী ফখর জামান সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। পাকিস্তানের হয়ে মাত্র দুটি ম্যাচে সুযোগ পান তিনি। গ্রুপপর্বে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, ভারত ও নামিবিয়ার বিপক্ষে ম্যাচগুলো মিস করেন ফখর। পরে সুপার এইটে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন।

ইংল্যান্ডের বিপক্ষে করেন ২৫ রান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ এক ইনিংস খেলেন- ৪২ বলে ৮৪ রান। সেই ইনিংসে ছিল নয়টি চার ও চারটি ছক্কা।

অন্যদিকে চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়েও রয়েছে কিছুটা অনিশ্চয়তা। সংশ্লিষ্টদের মতে, ভ্রমণ বা নিরাপত্তা ঝুঁকি না বাড়লে তবেই সিরিজটি অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচক কমিটি খুব শিগগিরই দল গঠন নিয়ে আলোচনা শুরু করতে পারে। লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ, যা আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

সূত্রের ইঙ্গিত, দলে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে। ধারাবাহিকভাবে ভালো করতে না পারা সিনিয়র ক্রিকেটারদের জায়গায় নতুন মুখকে সুযোগ দেওয়ার ভাবনা চলছে। আলোচনায় রয়েছে বাবর আজম, সাইম আইয়ুব ও মোহাম্মদ নওয়াজের মতো নামও।

তাৎক্ষণিকভাবে টি-টোয়েন্টি দলে বড় রদবদলের সম্ভাবনা কম। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বকাপের স্কোয়াড থেকে পাঁচ থেকে ছয়জন ক্রিকেটারকে ধীরে ধীরে সরিয়ে দেওয়ার চিন্তাও রয়েছে।

সবশেষ একদিনের সিরিজ খেলেছিল পাকিস্তান গত বছরের নভেম্বরে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা। অধিনায়ক হিসেবে সেটি ছিল শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় একদিনের সিরিজ। তার নেতৃত্বে প্রথম সিরিজ ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যেখানে পাকিস্তান জিতেছিল ২-১ ব্যবধানে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়