ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাঠে ফেরার আগে ‘সম্মান’ ফেরত চান এনামুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ৩ মার্চ ২০২৬   আপডেট: ১৯:৩৫, ৩ মার্চ ২০২৬
মাঠে ফেরার আগে ‘সম্মান’ ফেরত চান এনামুল

বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে প্রতিযোগিতার ফাইনাল চলছিল মিরপুর শের-ই-বাংলায়। বিসিবি নর্থ জোন ও বিসিবি সেন্ট্রাল জোনের মধ্যকার ফাইনাল দিয়ে প্রতিযোগিতার পর্দা নামবে। এই প্রতিযোগিতায় বিসিবি সাউথ জোনের হয়ে খেলার কথা ছিল এনামুল হক বিজয়ের। নির্বাচকরা তাকে স্কোয়াডে রেখে দল ঘোষণা করেছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ থেকে সরে যান এনামুল।

টুর্নামেন্ট শুরুর সময় উমরাহ পালনে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আজ হুট করেই ফাইনালের মঞ্চে হাজির তিনি। মাঠে খেলা দেখতে আসেননি। এসেছিলেন গণমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করতে। সেখানে দাঁড়িয়েই এনামুল ঘোষণা দেন, ‘‘হারানো সম্মান’ ফেরত পেলে ক্রিকেটে ফিরবেন তিনি। নয়তো তাকে আর দেখা যাবে না মাঠে।

আরো পড়ুন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরে অংশ নিতে পারেননি এনামুল। ফিক্সিং সন্দেহের কারণে তার নাম কাটা পড়ে বিপিএলের নিলাম তালিকা থেকে। শুধু তার নামই নয়, মোট ৯ ক্রিকেটার বিপিএলে অংশ নিতে পারেননি। এরপর অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপও খেলা হয়নি এনামুলের। এসব নিয়ে বিসিবির দ্বারস্থ হওয়ার চেষ্টা করেছিলেন এনামুল।

বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও একাধিকবার মেসেজ, ফোন দিয়েছেন। সাড়া পাননি কোনো। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু আশ্বস্ত করার পরও কোনো সমাধান দিতে পারেননি তাকে। যে কারণে প্রচন্ড রাগ, ক্ষোভ, কষ্ট জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারের। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও, ওই বিপিএলে এনামুলের ফিক্সিং কাণ্ড সম্পর্কে বিস্তারিত জানায়নি বিসিবি। এছাড়া বিসিবি ইন্ট্রিগ্রেটি ইউনিটও নির্দিষ্ট করে কিছু বলেনি। এই বিষয়ে সুষ্ঠু সমাধান ও নিজের হারানো সম্মান ফেরত চান এনামুল।

সাংবাদিকদের বলেছেন, ‘‘যতক্ষণ পর্যন্ত তারা (বিসিবি) আমাকে সম্মান ফেরত না দিচ্ছে, সবাইকে জানাচ্ছে যে (এনামুল) বিজয় অপরাধী নয়, বিজয়ের নাম ভুল করে গিয়েছে, বিজয়ের পারিশ্রমিক দেওয়া হয়েছে, সন্দেহের তালিকায় ছিল, কিন্তু এখন জিনিসটা সুন্দর (সমাধান) হয়ে গেছে, এখন সব ধরনের খেলা ও খেলতে পারবে। বিসিবি যখন সুন্দর করে (এসব) বলবে, তখন আমি ক্রিকেট খেলব।’

“এমন না যে... এই বিসিএল খেললে এমন কি! এর আগেও আমি বহুত সেঞ্চুরি করেছি। এ মাঠে আমার অনেক সেঞ্চুরি আছে। অন্য জায়গায় যেখানেই খেলি অনেক সেঞ্চুরি আছে। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক পেয়েছি, আলহামদুলিল্লাহ! আমার এখন সম্মান দরকার। সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। সেটা আমি আবার ফেরত পাইতে চাই।”- যোগ করেন তিনি।

বাংলাদেশের হয়ে স্বীকৃতি ক্রিকেটে সর্বোচ্চ ৫১ সেঞ্চুরি করা এনামুল হক তাহলে কী অবসরের পথ বেছে নেবেন? সরাসরি জানতে চাওয়া হলে বলেছেন, ‘‘এটা এক ধরনের যদি বলেন, আমাকে যদি তারা উপযুক্ত সম্মান, ঠিকভাবে না দেয়, আমার কাছে মনে হয় যে আমি (ক্রিকেটে) ফিরব না। আমার দরকার নাই ক্রিকেট খেলার।”

বিসিবি জানিয়েছিল, ফিক্সিং কাণ্ডে ৯০০ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট পেয়েছে বিসিবি। এত দিনেও সেই রিপোর্ট এবং তদন্তের প্রমাণ হাজির না করা নিয়ে এনামুলের মন্তব্য, ‘‘এটা আসলে হাস্যকর। আমার মনে হয় কেউ যদি কোনো কিছু করে থাকে, তার জন্য এক- দুই সপ্তাহ, এক মাসই যথেষ্ট বের করা। দুই বছর ধরে কারও ব্যাপারে কিছু বের করতে পারছে না, জানে না; তার মানে তো সে কিছু করে নাই! ব্যাপারটা তো এ রকমই হওয়া উচিত।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়