ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আনুষ্ঠানিকতা পেরিয়ে প্রধান নির্বাচক পদে হাবিবুল পাবেন দায়িত্ব!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১ মার্চ ২০২৬  
আনুষ্ঠানিকতা পেরিয়ে প্রধান নির্বাচক পদে হাবিবুল পাবেন দায়িত্ব!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হয়েছে গতকাল। আজ থেকে এই পদে দায়িত্ব নেওয়া প্রায় চূড়ান্তই হয়েছিল হাবিবুল বাশার সুমনের! আলোচনা গড়িয়েছিল অনেকদূর। বেতন, বাড়তি সুযোগ সুবিধা, ছুটি-ছাটা সেসব নিয়েও কথাবার্তা হয়ে গিয়েছিল। কিন্তু দুজন পরিচালকের অনিচ্ছায় তা পিছিয়ে যায়।

সিদ্ধান্ত হয় সকল আনুষ্ঠানিকতা মেনেই নিয়োগ দেয়া হবে প্রধান নির্বাচক। বিসিবি কাউকে প্রস্তাব দেবে না। বিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি দেবে। আগ্রহীরা সেই বিজ্ঞপ্তির পর আবেদন করবেন। এরপর সাক্ষাৎকার শেষে নিয়োগ চূড়ান্ত হবে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এই প্রক্রিয়ায় যেতে রাজী হন। তাতে পিছিয়ে যায় হাবিবুলের নিয়োগ।

আরো পড়ুন:

নতুন নির্বাচক খুঁজে পেতে বিসিবি আজ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তিতে দুজন নতুন নির্বাচক নেওয়ার কথা জানায় বিসিবি। গাজী আশরাফ সরে যাওয়ার পর হাসিবুল হোসেন শান্ত আপাতত একা। তিন সদস্যর নির্বাচক প্যানেল চাইছে বোর্ড। এজন্য দুজনকে নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে একজনকে প্রধান করা হবে।

আগ্রহীরা আগামী ৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচক নিয়োগের প্রক্রিয়ায় থাকবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদীনসহ বিসিবির আরও দুই পরিচালক খালেদ মাসুদ ও আবদুর রাজ্জাক। নিয়োগ প্রাপ্ত নির্বাচকদের সঙ্গে প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি করবে বিসিবি। এরপর পারফরম্যান্সের মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 
মেয়াদ শেষ হওয়ার আগেই গাজী আশরাফকে আরও কয়েক মাস দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছিল বিসিবির পক্ষ থেকে। ব্যক্তিগত কারণে বিসিবির অনুরোধ রাখতে পারেননি তিনি। তবে সামনে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে কাজ করবেন তিনি। এটাই হতে যাচ্ছে তার শেষ অ্যাসাইনমেন্ট।

নিয়োগ প্রক্রিয়ায় হাঁটলেও হাবিবুলের প্রধান নির্বাচক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি একটি জায়গায় জন্য সাক্ষাৎকারের আয়োজন করা হবে বলেও জানিয়েছেন এক বোর্ড পরিচালক। ভবিষ্যতের কথা ভেবে আগ্রহীদের সম্পর্কে ধারণা পেতেই নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করেছে বিসিবি।

নিয়োগের জন্য বেশ কিছু ক্রাইটেরিয়াও ঠিক করে দিয়েছে বিসিবি। যেখানে উল্লেখযোগ্য শর্ত হলো, সাবেক আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে বা লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেট মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

জাতীয় নির্বাচক প্যানেলকে জাতীয় দল, বাংলাদেশ ‘এ’ দল, এইচপি ইউনিট, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং অনান্য স্কোয়াড তৈরি করার কাজ করতে হবে। এছাড়া ঘরোয়া ক্রিকেট চলাকালীন মাঠে গিয়ে খেলা দেখার শর্তও এবার জুড়ে দেওয়া হয়েছে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়