ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিষিদ্ধের পর মঞ্জুরুলের বিরুদ্ধে আইনি শাস্তিতে যাচ্ছে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
নিষিদ্ধের পর মঞ্জুরুলের বিরুদ্ধে আইনি শাস্তিতে যাচ্ছে না বিসিবি

বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির চার অভিযোগের ‘দুটি প্রমাণিত’ হয়েছে সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। এই প্রেক্ষিতে, সাবেক জাতীয় দলের ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনস্থ সব ধরনের সরাসরি ও পরোক্ষ চাকরি এবং ক্রিকেট-সম্পর্কিত কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঞ্জুরুলের এই শাস্তি যথেষ্ট কঠোর বলেই মনে করেন বিসিবি নারী বিভাগের প্রধান ও তদন্ত কমিটির সদস্য রুবাবা দৌলা। আপাতত আর কোনো আইনি প্রক্রিয়ায় যাচ্ছে না বিসিবি তা নিশ্চিত করেছেন তিনি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমে কথা বলার সময় মঞ্জুরুল ইস্যুটিও সামনে আসে।

আরো পড়ুন:

এক সাক্ষাৎকারে জাতীয় নারী দলের পেসার জাহানারা বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তোলেন। পিরিয়ডের কথা জানতে চেয়ে বাজে প্রস্তাব দেওয়া, হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার অভিযোগও এনেছিলেন তিনি। জাহানারা দাবি করেছেন, অসংখ্যবার বিসিবিকে এসব যৌন নির্যাতনের কথা অভিযোগ আকারে জানিয়েছিলেন তিনি। কোনো প্রতিকার পাননি।

আমিনুল ইসলামের বোর্ড জাহানারার অভিযোগ আমলে নিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে এবং কমিটি জাহানারার চারটি অভিযোগ পর্যালোচনা করে, দুইটিতে কোনো প্রমাণ পাননি। বাকি দুটিতে প্রাথমিক প্রমাণ পায়। কমিটির সুপারিশেই বিসিবি মঞ্জরুলকে নিষিদ্ধ করে। বিসিবি তাকে নিষিদ্ধ করে জানিয়েছিল, তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে।

তবে আপাতত তেমন কোনো ইচ্ছা নেই বিসিবির তা পরিষ্কার হয়েছে রুবাবা দৌলার বক্তব্যে, ‘‘আমরা লিগ্যাল ফিডব্যাক নিয়েছি। লিগ্যালি অ্যাসেস করা হয়েছে যে, বিসিবির কি কি রাইটস অ্যাছে বা ডিউটিজ আছে, যেগুলোর এক্সারসাইজ করতে পারে। সেভাবেই আমরা অ্যাকশন নিয়েছি, আপাতত যে অ্যাকশন নেওয়া হয়েছে। আমি কর্পোরটেও কাজ করেছি, ওখানেও আমাদের এই ধরনের হয়রানি, যৌন হয়রানির জন্য কিছু কঠোর প্রক্রিয়া আছে।”

“আমার বিশ্বাস, বিসিবি থেকে যে অ্যাকশন আমরা নিয়েছি, এটা কঠোর অ্যাকশন নিয়েছি। সব ধরনের ক্রিকেটে.. শুধু মহিলা নয়, পুরুষও, সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।” – যোগ করেন তিনি।

মঞ্জরুল ছাড়াও জাহানারা আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। সেসব নিয়ে বিসিবি এখন পর্যন্ত তদন্ত করেনি এবং আদৌ তদন্ত করবে কি না কিছুই জানায়নি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়