জাহানারার যৌন হয়রানির চার অভিযোগের ‘দুটি প্রমাণিত’
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ও জাহানারা আলম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক নারী অধিনায়ক জাহানারা আলমের অভিযোগ নিয়ে গঠিত স্বাধীন অনুসন্ধান কমিটির রিপোর্ট পেয়েছে। কমিটি জাহানারার চারটি অভিযোগ পর্যালোচনা করে, দুইটিতে কোনো প্রমাণ পাননি। বাকি দুটিতে প্রাথমিক প্রমাণ পেয়েছে।
জাহানারা অভিযোগ করেছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। মঞ্জুর আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না, যা হয়রানি হিসেবে ধরার সুপারিশ করে রিপোর্ট দিয়েছে কমিটি।
রিপোর্ট পাওয়ার পর বোর্ড জিরো টলারেন্স দেখিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে এবং বিসিবির নীতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পাশাপাশি, বোর্ড আরেকটি অভিযোগ কমিটি গঠন করেছে। সেই কমিটি স্বাধীন অভিযোগ প্রক্রিয়া তৈরি, সচেতনতা প্রশিক্ষণ বাস্তবায়ন করবে। যাতে বাংলাদেশ ক্রিকেটে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা যায়।
বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “কমিটি জাহানারা আলমের করা চারটি সুনির্দিষ্ট অভিযোগ পরীক্ষা করে। এর মধ্যে দুটি অভিযোগ উপলব্ধ প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়নি। বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে, কমিটি বাংলাদেশ নারী দলের তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মো. মঞ্জুরুল ইসলামের অনুপযুক্ত আচরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে, যার সঙ্গে বিসিবির চুক্তিভিত্তিক মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন শেষ হয়।”
“কমিটি পেশাদার মানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণ লক্ষ্য করেছে এবং পর্যবেক্ষণ করেছে যে, সুপ্রিম কোর্টের প্রযোজ্য নির্দেশিকা অনুসারে কিছু পদক্ষেপ অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে।”
এক সাক্ষাৎকারে জাতীয় নারী দলের পেসার জাহানারা বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তোলেন। পিরিয়ডের কথা জানতে চেয়ে বাজে প্রস্তাব দেওয়া, হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার অভিযোগও এনেছিলেন তিনি।
জাহানারা দাবি করেছেন, অসংখ্যবার বিসিবিকে এসব যৌন নির্যাতনের কথা অভিযোগ আকারে জানিয়েছিলেন তিনি। কোনো প্রতিকার পাননি। তার অভিযোগের পর রুমানা আহমেদ, সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরি নিজেদের তিক্ত অভিজ্ঞতা গণমাধ্যমে জানান।
অভিযোগের প্রেক্ষিতে বিসিবি গত ৮ নভেম্বর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল।
ঢাকা/ইয়াসিন