ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চন্দ্রগ্রহণের কারণে ভারতের অনুশীলনের সময় বদল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ৩ মার্চ ২০২৬   আপডেট: ২০:৫৫, ৩ মার্চ ২০২৬
চন্দ্রগ্রহণের কারণে ভারতের অনুশীলনের সময় বদল

মুম্বাই, ৩ মার্চ। ইংল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালকে সামনে রেখে অনুশীলনের সময় বদলে দিল ভারতীয় দল। কারণ একটাই- চন্দ্রগ্রহণ।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে সূর্যকুমার যাদবদের নির্ধারিত অনুশীলন ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। ম্যাচের দুই দিন আগে সন্ধ্যায় অনুশীলন করা দলটির নিয়মিত রুটিনের অংশ। কিন্তু জানা যায়, ওই সময়ের মধ্যেই পড়ছে চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু বিকেল ৩টা ২০ মিনিটে, শেষ ৬টা ৪৭ মিনিটে। এরপরই দলীয় ব্যবস্থাপনা অনুশীলনের সময় প্রায় এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরো পড়ুন:

একটি প্রতিবেদনের বরাতে জানা গেছে, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় শুভ কাজ এড়িয়ে চলার রীতি রয়েছে। সামনে সেমিফাইনালের মতো বড় ম্যাচ। তাই ইতিবাচক মানসিকতা নিয়েই প্রস্তুতি শুরু করতে চেয়েছিল দল।

দল-ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, “যেহেতু চন্দ্রগ্রহণ চলছিল, অনেকেই মনে করেছেন এই সময়ে কোনো শুভ কাজ শুরু না করাই ভালো। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল, তাই আমরা চাই ইতিবাচক নোটে শুরু হোক প্রস্তুতি। তাই অনুশীলন শুরু করা হয় ৬টা ৪০ মিনিটের পর।”

ভারতে চাঁদ দৃশ্যমান হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে, আর গ্রহণের সর্বোচ্চ পর্যায় ৬টা ৩৩ থেকে ৬টা ৪০ মিনিটের মধ্যে। এই সময়সূচিও সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

দলীয় বাস নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে স্টেডিয়ামে পৌঁছায়। স্টেডিয়ামে পৌঁছে অধিনায়ক সূর্যকুমার যাদবদের অনুশীলনের প্রস্তুতির মাঝে কোচ গৌতম গম্ভীরকে মাঠের কিউরেটরদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায়।

পুরো টুর্নামেন্টজুড়ে ভারতীয় ক্রিকেটারদের বিভিন্ন শহরে মন্দিরে গিয়ে প্রার্থনা করতে দেখা গেছে। কলকাতাসহ একাধিক ভেন্যুতে ম্যাচের আগে আশীর্বাদ নিয়েছেন তারা। সব মিলিয়ে মানসিক প্রস্তুতির দিকেও সমান গুরুত্ব দিচ্ছে দল।

সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এখন লক্ষ্য একটাই- টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রেখে ইতিহাস গড়া।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়