ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় নাহিদ ইসলাম

জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করবেন না 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ৩ মার্চ ২০২৬  
জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করবেন না 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি সরকারের উদ্দেশে বলেছেন, “জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না এবং আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।”

মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লা স্টেশন ক্লাবে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে। 

তিনি বলেন, “আমরা ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণভোটে জয় নিশ্চিত করেছি। সেই গণরায়কে আদালতে নেওয়া হচ্ছে এবং বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা তা মেনে নেব না। যদি জনগণের রায়কে আদালতে নেওয়া হয়, তাহলে আমাদের রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মতো ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে চাই না। কিন্তু, আমাদের বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।”

ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন—এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মো. তারিকুল ইসলাম এবং জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে এনসিপির কুমিল্লা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

ঢাকা/রুবেল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়