ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদে উত্তরাঞ্চলে চলবে দুটি বিশেষ ট্রেন

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ৩ মার্চ ২০২৬   আপডেট: ২২:১৫, ৩ মার্চ ২০২৬
ঈদে উত্তরাঞ্চলে চলবে দুটি বিশেষ ট্রেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পশ্চিমাঞ্চল রেল দুটি বিশেষ ট্রেন পরিচালনা করবে। ট্রেন দুটি গাজীপুরের জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত চলবে। এবারও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের জন্য বিশেষ ট্রেন থাকছে না। 

ঈদ উপলক্ষে ইতোমধ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। এই টিকিট বিক্রি চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। এরপর থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

আরো পড়ুন:

পশ্চিমাঞ্চল রেল জানিয়েছে, বিশেষ এই ট্রেন দুটির নাম পার্বতীপুর স্পেশাল ও জয়দেবপুর স্পেশাল। পার্বতীপুর স্পেশাল ট্রেনটি পার্বতীপুর থেকে সকাল ১১টায় ছাড়বে, জয়দেবপুর পৌছাবে বিকেল ৩টা ২০ মিনিটে। আর জয়দেবপুর থেকে ছাড়বে বিকেল ৫টা ১০ মিনিটে, পাবর্তীপুর পৌছাবে রাত ৯টা ৪০ মিনিটে। জয়দেবপুর স্পেশাল ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়বে সকাল সাড়ে ৮টায়, পার্বতীপুর পৌছাবে দুপুর ১২টা ৫০ মিনিটে। পার্বতীপুর থেকে ছাড়বে ৫টা ১০ মিনিটে, জয়দেবপুর পৌছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।

ট্রেন দুটি যাত্রাবিরতি করবে চাটমোহর, ঈশ্বরদী বাইপাস, নাটোর, আহসানগঞ্জ, জয়পুরহাট, বিরামপুর ও ফুলবাড়ি স্টেশনে। একটি ট্রেনে আসনসংখ্যা থাকবে ৭৮৬টি। যাত্রীচাহিদা অনুযায়ী কোচ সংখ্যা বাড়ানোও হতে পারে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন রুটে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। চাহিদা অনুযায়ী যাত্রীবহুল ট্রেনগুলোতে বাড়তি চেয়ার ও স্লিপার কোচ যুক্ত করা হবে। পাশাপাশি রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করে পর্যাপ্ত সংখ্যক কোচ ও লোকোমোটিভ প্রস্তুত রাখা হচ্ছে।

ঢাকা-রাজশাহী, ঢাকা-খুলনা, ঢাকা-চিলাহাটি, ঢাকা-পঞ্চগড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে যাত্রীচাপ বিবেচনায় অতিরিক্ত সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পুরনো কোচগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করা হচ্ছে।

পশ্চিমাঞ্চল রেল ঈদ উপলক্ষে ২১ মার্চ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীর চাপ বিবেচনায় ১৭ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত নির্দিষ্ট কিছু আন্তঃনগর ট্রেনের অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। একইসঙ্গে ঈদের পূর্বে ১৭ মার্চ থেকে ১৯ মার্চ এবং ঈদের পরে ২৩ থেকে ২৬ মার্চ স্পেশাল ট্রেন পরিচালনা হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘‘আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের আরামদায়ক ও নিরাপত্তার কথা বিবেচনায় অগ্রিম প্রস্তুতি নিয়েছি। আশা করছি, এবারের ঈদযাত্রা স্বস্তির হবে।’’ 

রেলওয়ের যাত্রীদের কাছে থেকেও সবাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। যাত্রীরা যেন নিয়ম মেনে রেল ভ্রমণ করেন। 

ঢাকা/মাহী/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়