সুন্দরবনে বনদস্যু আফজাল গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুন্দরবন থেকে কুখ্যাত বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আফজাল সরদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আফজাল সরদার (৩২) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (০৩ মার্চ) সকালে সুন্দরবন সংলগ্ন নারায়ণপুর এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। দুপুরে তার দেওয়া তথ্য অনুযায়ী মোংলার পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে একটি শটগান, একটি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোন থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলার বিসিজিএস মনসুর আলীর নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান জানান, সুন্দরবনের দস্যু দমনে কোস্টগার্ডের নেতৃত্বে পুলিশ, র্যাব, নৌবাহিনীর সদস্যদের সমন্বয়ে অভিযান শুরু হওয়ায় অস্ত্র ও গোলাবারুদ মাটির নিচে পুতে নারায়ণপুর এলাকায় আত্মগোপনে যায় আফজাল সরদার। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ায় জেলেরা সুন্দরবন সংলগ্ন নদী বা সাগরে মাছ ধরতে যাচ্ছে না।
আফজাল সরদার খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি করতেন। তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় পাঁচটি মামলা রয়েছে। আরেকটি মামলা দায়ের করে তাকে কয়রা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঢাকা/আমিনুল/বকুল