ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: একের পরে এক ফ্লাইট বাতিল, যাত্রীরা বিপাকে

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ৩ মার্চ ২০২৬  
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: একের পরে এক ফ্লাইট বাতিল, যাত্রীরা বিপাকে

ছবি: সংগৃহীত

ইরানের স‌ঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যু‌দ্ধের কার‌ণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর একটা পর্যন্ত ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে গত শনিবার থেকে এ পর্যন্ত মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হলো।

আরো পড়ুন:

বিমানবন্দর সূত্র জানায়, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের শারজাহর ফ্লাইট পুরোপুরি বন্ধ রয়েছে। তবে চালু আছে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামের ফ্লাইট।

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধসহ উদ্ভূত নিরাপত্তা ঝুঁকির কারণে ফ্লাইট বাতিল করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে মধ্যপ্রাচ্যগামী অনেক যাত্রীকে বাড়িতে ফেরত যেতে দেখা যায়। আবার অনেকে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। তারা বলছিলেন, বাতিল হওয়া ফ্লাইট আবার কবে কখন চালু হবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানেন না। তাই অপেক্ষা করছেন।

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভারতের মুম্বাই, ওমানের মাসকাট হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাওয়ার কথা ছিল বাংলা‌দে‌শি অনেক যাত্রীর। সকাল ১১টা ৪৫ মিনিটের ফ্লাইট ধরতে ভো‌রে চ‌লে আসা যাত্রী‌দের মাথায় আকাশ ভেঙে পড়ে। বিমানবন্দরে বোর্ডিং পাসের সময় বলা হয়, যাওয়া যাবে না।

এ সময় দুবাইগা‌মী যাত্রী দীপু চন্দ্র শীল সাংবা‌দিক‌দের বলেন, “মৌলভীবাজার ট্রাভেলস থেকে টিকিট নিয়েছি। গতকাল রাতেও তারা বলেছে, যাওয়া যাবে। কিন্তু এখানে আসার পর আমাকে বলা হয়েছে, যাওয়া যাবে না। আমার ফ্লাইট নাকি ইন্ডিয়ার পর আর মাসকাট যাবে না। ফ্লাইট বাতিল বলতেছে।”

একই অবস্থা কাতার এয়ারলাইনসের ফ্লাইটেও। কাতার হয়ে যারা সৌদি আরবের রিয়াদ যাওয়ার কথা তাদের ফ্লাইট বাতিল করা হ‌য়ে‌ছে। এ সময় রফিকুল ইসলাম না‌মে কাতার এয়ারলাইনসের এক যাত্রী বলেন, “সৌদি আরবে কাজ ক‌রি, গত ২৫ ফেব্রুয়ারি দেশে এসেছিলাম। ১৭ মার্চ পর্যন্ত ভিসার মেয়াদ আছে। আসার সময় ‘আপ-ডাউন’ টিকিট কেটে দিয়েছিল কোম্পানি। ফ্লাইট বাতিল হওয়ায় এখন কোম্পানির পক্ষ থেকে রিয়াদগামী বিকল্প উড়োজাহাজে টিকিটের ব্যবস্থার চেষ্টা চল‌ছে। শেষ পর্যন্ত যে‌তে পা‌রি কিনা জা‌নি না।”

এভা‌বে ইরানের স‌ঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যু‌দ্ধের কার‌ণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে।ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। আগাম ফ্লাইট শি‌ডিউল বা‌তিল ঘোষণা না করায় এক‌দিন আগে টিকিট কি‌নেও যাত্রীরা বিপা‌কে পড়‌ছেন।

তা‌দের অভি‌যোগ, ফ্লাইট বা‌তিল হ‌লে আাগে ঘোষণা করা উচিত। হয়রা‌নি ব‌ন্ধে তারা বিমান কর্তৃপ‌ক্ষের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়