দ্রুততম শতকে ইতিহাস গড়ে রোহিতের রেকর্ড ভাঙলেন অ্যালেন
ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে যেন ঝড় তুললেন ফিন অ্যালেন। চোখ ধাঁধানো এক ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম শতকের রেকর্ড গড়ে নিউ জিল্যান্ডকে পৌঁছে দিলেন বিশ্বকাপের ফাইনালে।
বুধবারের সেমিফাইনালে জয়ের জন্য নিউ জিল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ১৭০ রান। কিন্তু অ্যালেনের বিধ্বংসী ব্যাটিংয়ে সেই লক্ষ্য যেন মুহূর্তেই ছোট হয়ে যায়। মাত্র ৩৩ বলে শতক পূর্ণ করে ইতিহাস গড়েন কিউই এই ওপেনার।
এই কীর্তির মধ্য দিয়ে তিনি ভেঙে দেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মার দীর্ঘদিনের রেকর্ড। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে শতক করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম শতকের রেকর্ড গড়েছিলেন রোহিত। টানা নয় বছর সেই রেকর্ড অটুট ছিল।
তবে ইডেন গার্ডেন্সের এই ম্যাচে অ্যালেনের ব্যাটিং ছিল সম্পূর্ণ অন্য মাত্রার। শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হয়ে চার-ছক্কার বন্যা বইয়ে দেন তিনি। তার ঝড়ো ইনিংসেই সহজেই লক্ষ্যে পৌঁছে যায় নিউ জিল্যান্ড।
অ্যালেনের এই অবিশ্বাস্য শতক শুধু একটি রেকর্ড ভাঙার গল্প নয়, একই সঙ্গে বিশ্বকাপের ফাইনালে দলের জায়গা নিশ্চিত করার পথও মসৃণ করে দেয়। তার ব্যাটে ভর করেই বড় মঞ্চে আরেকটি ঐতিহাসিক রাত উপভোগ করল নিউ জিল্যান্ড।
ঢাকা/আমিনুল