শ্রীলঙ্কায় নারী হোটেলকর্মীর সঙ্গে অসদাচরণ, পাকিস্তানি ক্রিকেটারকে জরিমানা
টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার নতুন বিতর্কে জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট দল। শ্রীলঙ্কায় অবস্থানকালে হোটেলের এক নারী কর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগে বিশ্বকাপ দলে থাকা এক ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। তবে ওই খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি।
একটি ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ক্যান্ডিতে, পাকিস্তানের শেষ সুপার এইট ম্যাচের ঠিক আগে। ওই সময় পাকিস্তান দল শহরের একটি হোটেলে অবস্থান করছিল।
খবরে বলা হয়, দলের এক সদস্য হোটেলের হাউসকিপিং বিভাগের এক নারী কর্মীর সঙ্গে অনুচিত আচরণ করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, যখন ওই কর্মী সাহায্যের জন্য চিৎকার করেন। পরে হোটেলের অন্য কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এরপর ঘটনাটি পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমার কাছে জানানো হয়। হোটেল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুতর হিসেবে দেখলেও শেষ পর্যন্ত এটি অভ্যন্তরীণভাবেই মীমাংসা করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয় এবং সংশ্লিষ্ট ক্রিকেটারের ওপর জরিমানা আরোপ করা হয়।
যদিও ঘটনাটি আপাতত মিটে গেছে বলে মনে করা হচ্ছে, তবুও এখানেই শেষ নয়। প্রতিবেদনে বলা হয়েছে, দল দেশে ফেরার পর বিষয়টি আবারও আলোচনায় উঠতে পারে।
প্রয়োজনে ওই ক্রিকেটারকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা কমিটির সামনে হাজির হতে বলা হতে পারে। তখন তদন্তের ভিত্তিতে অতিরিক্ত শাস্তির সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পরপরই এই ঘটনা সামনে আসায় দলটি নতুন করে সমালোচনার মুখে পড়েছে। সুপার এইট পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচ রানে হারালেও নেট রানরেটের কারণে সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান।
পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করতে না পারায় আগে থেকেই সমালোচনায় ছিল দলটি। তার ওপর মাঠের বাইরের এই নতুন বিতর্ক পাকিস্তান ক্রিকেটকে আরও চাপের মুখে ফেলেছে।
ঢাকা/আমিনুল