ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে সুজনের সহ-সভাপতির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ৫ মার্চ ২০২৬  
গাজীপুরে সুজনের সহ-সভাপতির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কামরুজ্জামান মোল্লা।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মো. কামরুজ্জামান মোল্লার (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরের পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত কামরুজ্জামান মোল্লা গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা ও ইদ্রিস আলীর ছেলে। তিনি সুজনের জেলা শাখার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

আরো পড়ুন:

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে তিনি নিজ বাসা থেকে গাজীপুর আদালতে একটি মামলা সংক্রান্ত কাজে যান। নির্ধারিত বিচারক উপস্থিত না থাকায় আদালতের কার্যক্রম হয়নি। পরে তিনি আইনজীবীর চেম্বার থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। রাত গভীর হলেও তিনি না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাত আনুমানিক ২টার দিকে পুলিশ পরিবারের সদস্যদের তার লাশ উদ্ধারের খবর দেয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাত ১১টার আগে কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে ধীরাশ্রম এলাকার একটি সড়কের পাশে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ছোট ভাই কবিরুল ইসলাম বলেন, জানামতে কারো সঙ্গে তার বিবাদ ছিল না। তবে ব্যবসার কোনো টাকা পয়সার লেনদেন নিয়ে শত্রুতা থাকতে পারে। ময়না তদন্ত শেষে পুলিশ বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ছেলে কৌশিক জামান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
 

ঢাকা/রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়