সাকিব ফিরতে পারেন নিউ জিল্যান্ড সফরে
বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত প্রশ্ন- আবার কবে জাতীয় দলে ফিরবেন সাকিব আল হাসান? ভক্তদের প্রত্যাশা ছিল, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই হয়তো ফিরবেন দেশের অন্যতম সেরা এই অলরাউন্ডার। কিন্তু আপাতত সেই সম্ভাবনা বাস্তব হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে। ঘোষিত দলে নেই সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নাম। ফলে তার প্রত্যাবর্তনের অপেক্ষা আরও দীর্ঘ হলো।
কিছুদিন ধরেই দেশের ক্রিকেট অঙ্গনে সাকিবকে নিয়ে আলোচনা তুঙ্গে। তিনি নিজেও কয়েকবার জানিয়েছেন আবার লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামতে চান। জাতীয় দলের একদিনের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও সম্প্রতি বলেছেন, সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে নেতৃত্ব দেওয়া সহজ হয়ে যায়।
তবু বাস্তবতা ভিন্ন। মূলত তার বিরুদ্ধে থাকা আইনি জটিলতার কারণে এখনো দেশে ফেরেননি সাকিব। সেই কারণেই পাকিস্তান সিরিজের দলে তাকে বিবেচনায় আনা হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালক জানিয়েছেন, বিষয়টি নিয়ে বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে। আইনি দিকগুলো পর্যালোচনা করছে বোর্ডের আইন বিভাগও। সংশ্লিষ্ট সূত্রের আশা, দ্রুতই জটিলতার সমাধান হবে এবং সাকিব আবার দেশের হয়ে খেলতে পারবেন।
তিনি আরও জানান, সম্ভাব্য প্রত্যাবর্তনের লক্ষ্য হিসেবে এখন নিউ জিল্যান্ড সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই লক্ষ্য সামনে রেখে নিজের শারীরিক সক্ষমতা ধরে রাখতে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাকিব।
সবশেষ ২০২৪ সালে জাতীয় দলের হয়ে খেলেছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি ও একাধিক মামলার কারণে তিনি সমালোচনার মুখে পড়েন এবং দেশে ফিরতে পারেননি। একবার দেশে ফেরার উদ্দেশ্যে দুবাই পর্যন্ত এলেও শেষ পর্যন্ত ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব এখন পর্যন্ত খেলেছেন প্রায় ৪৫০টির বেশি ম্যাচ। ব্যাট ও বল দুই দিকেই অসংখ্য সাফল্য এনে দিয়েছেন দলকে। তাই তার প্রত্যাবর্তনের প্রশ্নটি শুধু নির্বাচনের নয়, আবেগেরও।
পাকিস্তান সিরিজে না হলেও সামনে নিউ জিল্যান্ড সফর। সবকিছু ঠিক থাকলে সেই সিরিজেই হয়তো আবার দেখা যেতে পারে সাকিবকে লাল-সবুজের জার্সিতে।
ঢাকা/আমিনুল