ফাইনালের ঘটনায় অর্শদীপকে শাস্তি দিল আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে এক ঘটনার জেরে শাস্তির মুখে পড়েছেন ভারতের পেসার অর্শদীপ সিং। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফি’র ১৫% জরিমানা করা হয়েছে এবং দেওয়া হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।
রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ফাইনালে ভারত শেষ পর্যন্ত দাপুটে জয় পেয়ে শিরোপা জিতলেও ম্যাচে ঘটে যাওয়া এই ছোট্ট উত্তেজনার মুহূর্ত পরে আইসিসির নজরে আসে।
কী ঘটেছিল?
ঘটনাটি ঘটে নিউ জিল্যান্ডের রান তাড়ার সময়। ২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তখন চাপে ছিল কিউইরা।
নিউ জিল্যান্ডের ইনিংসের ১১তম ওভারে বল সংগ্রহ করার পর নিজের ফলো-থ্রু থেকে স্টাম্পের দিকে বল ছুড়ে দেন অর্শদীপ। কিন্তু বলটি গিয়ে লাগে ব্যাটার ড্যারিল মিচেলের পায়ে।
এতে কিছুটা বিরক্ত হয়ে মিচেল বোলারের দিকে এগিয়ে যান এবং দুজনের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
ম্যাচের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থও তখন অর্শদীপের সঙ্গে কথা বলেন। পরে অর্শদীপ মিচেলের কাছে ক্ষমা চাইলে মাঠেই বিষয়টির সমাধান হয়ে যায়।
আচরণবিধি ভঙ্গের দায়:
আইসিসির আচরণবিধির লেভেল ১ ভঙ্গের অভিযোগ আনা হয় অর্শদীপের বিরুদ্ধে। বিশেষ করে আচরণবিধির ২.৯ ধারায় বলা আছে- আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়ের দিকে বিপজ্জনক বা অনুপযুক্তভাবে বল বা ক্রিকেট সরঞ্জাম ছুড়ে মারা যাবে না।
এই অভিযোগ স্বীকার করে নেন অর্শদীপ। ফলে ম্যাচ রেফারির প্রস্তাবিত শাস্তি তিনি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ভারতের ঐতিহাসিক শিরোপা জয়:
এই ছোটখাটো বিতর্ক সত্ত্বেও ম্যাচটি পুরোপুরি ভারতের দখলেই ছিল। প্রথমে ব্যাট করে স্বাগতিকরা ২৫৬ রান তোলে, যা ফাইনালে নিউ জিল্যান্ডের ওপর বড় চাপ তৈরি করে। জবাবে নিউ জিল্যান্ডকে আটকে দিয়ে ৯৬ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত।
এই জয়ের মাধ্যমে ইতিহাস গড়ে ভারত। তারা প্রথম দল হিসেবে ৩ বার পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে এবং একই সঙ্গে টানা ২ বার শিরোপা ধরে রাখার নজির স্থাপন করে।
ঢাকা/আমিনুল