ঢল ও ভারী বৃষ্টিতে বাড়ছে সুনামগঞ্জে নদীর পানি
সুনামগঞ্চ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের একটি নদী
দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে দ্রুত বাড়ছে নদ-নদী ও হাওরের পানি। ফলে হাওরের পাকা ও আধাপাকা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা।
বুধবার (২৯ এপ্রিল) সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২২ মিলিমিটার। একই সময়ে পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ৫০ সেন্টিমিটার। বর্তমানে এই নদীর পানি সেখানে বিপৎসীমার ১৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরো পড়ুন: হাওরে ডুবছে ধান, কৃষকের আর্তনাদ
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের বৃষ্টিপাত এবং ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা ঢলের প্রভাব পড়তে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা ও অন্যান্য নদ-নদীতে। ফলে স্বল্প সময়ের ব্যবধানে নদীর পানি দ্রুত বাড়ছে। জেলা জুড়ে অতি বৃষ্টির কারণে ইতিমধ্যে হাওরের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
সুনামগঞ্জের সদর উপজেলার শিয়ালমারা হাওরের কৃষক শফিক আহমদ বলেন, “আমাদের হাওরে ধান এখনো পুরোপুরি কাটা হয়নি। ইতোমধ্যে কোথাও কোথাও পানি ঢুকে পড়ায় ফসল ডুবে গেছে। যদি হাওরে সুইস গেট থাকতো, তাহলে আমাদের হাওরে পানি জমে থাকে না, আর আমাদের এই ধান নষ্ট হয় না।”
সুরমা নদীতে মাছ শিকার করা জেলে রোপক বিশ্বাস বলেন, “আজ ভোর রেডি হয়েছিলাম নদীতে নৌকা নিয়ে বের হব। যেভাবে বৃষ্টি হচ্ছে, ঠিক একইভাবে বজ্রপাত হচ্ছে। বজ্রপাতের ভয়ে নদীতে নৌকা নিয়ে বের হওয়ার সাহস করিনি।”
শহরতলী গ্রাম ইব্রাহিমপুরের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, “কয়দিন ধরে আবহাওয়ার কারণে খুবই আতঙ্কে আছি। না ধান কাটতে পারি, না নদীতে মাছ ধরতে পারি। এরই মধ্যে নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। আর একটু পানি বাড়লে আমাদেরও ধান তলিয়ে যাবে। এখন ধান কাটা যাচ্ছে না, কারণ সব ধান পাকেনি।”
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উজান ও দেশের ভেতরে আরো বৃষ্টিপাত হতে পারে। ফলে সুরমাসহ জেলার সব নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এর মধ্যে আবহাওয়া কিছুটা ভালো হয়, তাহলে সুনামগঞ্জের ঝুঁকিমুক্ত হবে।”
ঢাকা/মনোয়ার/মাসুদ