ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নির্বাচন নিয়ে এনএসসির তদন্ত কমিটি গঠনে বিসিবির উদ্বেগ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৭, ১৭ মার্চ ২০২৬  
নির্বাচন নিয়ে এনএসসির তদন্ত কমিটি গঠনে বিসিবির উদ্বেগ

ব‌্যাপক অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব‌্যবহারের অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৫ সালের নির্বাচনকে ঘিরে। নির্বাচন নিয়ে অভিযোগপত্র দিয়েছে ঢাকার বিদ্রোহী ক্লাব ও নির্বাচন বয়কট করা সংগঠকরা। যা আমলে নিয়ে তদন্তে নেমেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যেসব অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে পাঁচ সদস‌্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। স্বাধীন তদন্তের জন্য এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে জাতীয় ক্রীড়া পরিষদের কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। নির্বাচিত বোর্ডে বাইরের হস্তক্ষেপের সম্ভাব্য পরিণতির দিকে ইঙ্গিত করে জাতীয় ক্রীড়া পরিষদকে সতর্ক করেছে আমিনুল ইসলামের বোর্ড।  

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান বোর্ড যথাযথভাবে নির্বাচিত এবং সম্পূর্ণরূপে কার্যকর সংস্থা, যা এটির গঠনতন্ত্র এবং প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো অনুযায়ী কাজ করছে। দায়িত্ব গ্রহণের পর থেকে এই বোর্ড বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে দায়িত্ব পালন ও কার্যভার পালন অব্যাহত রেখেছে।”

“উল্লিখিত গেজেট জারি করায় উল্লেখযোগ্য উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ এটি বিসিবির নির্বাচিত প্রশাসনের স্থিতিশীলতা, স্বাধীনতা এবং ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে পারে।’’

জাতীয় ক্রীড়া পরিষদকে অনেকটাই ‘প্রচ্ছন্ন হুমকি’ দিয়ে ঘটনা আইসিসির কাছে গড়ালে কী হতে পারে সেই বার্তা দিয়ে রেখেছে বিসিবি, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটের বৈশ্বিক শাসন কাঠামোর মধ্যে কাজ করে এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য। আইসিসির শাসন কাঠামোর অধীনে, নির্বাচিত ক্রিকেট বোর্ডের বিষয়ে বাইরের হস্তক্ষেপ হিসাবে বিবেচিত যেকোনো পদক্ষেপকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা হয় এবং আইসিসির শাসন এবং সম্মতি বিধানের আওতায় পর্যালোচনা উসকে দিতে পারে।”

“এসবের প্রেক্ষাপটে, আইসিসির সিনিয়র প্রতিনিধিদের সাথে আলোচনায় বিষয়টি অনানুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে আভাস মিলেছে যে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত ক্রিকেট বোর্ডের ওপর হস্তক্ষেপ হিসাবে গণ্য হতে পারে, এমন কোনো উদ্যোগ আন্তর্জাতিক ক্রিকেট কাঠামোর মধ্যে শাসন প্রক্রিয়াগত উদ্বেগ তৈরি করতে পারে।”

তবে তদন্তে মুখোমুখি হওয়ার চাইতে বিসিবি আলোচনায় বসতে রাজী আছে জানিয়ে আমিনুলের বোর্ড জানিয়েছে, “আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ক্রিকেটের ওপর সম্ভাব্য প্রভাবের কথা বিবেচনা করে, যথাযথ সতর্কতা এবং স্বচ্ছতার সাথে বিষয়টি মোকাবেলা করা গুরুত্বপূর্ণ বলে মনে করে বিসিবি। আইসিসির সাথে কোনও আনুষ্ঠানিক যোগাযোগ বা কার্যক্রম শুরু করার আগে, বিসিবি বিশ্বাস করে যে গেজেটের প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং সম্ভাব্য প্রভাব স্পষ্ট করে তুলে ধরার জন্য সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদের সাথে যোগাযোগ করাই উপযুক্ত।”

“সংশ্লিষ্ট সকল জাতীয় কর্তৃপক্ষের সাথে গঠনমূলক যোগাযোগের জন্য বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রিকেট প্রশাসন মান অনুযায়ী নির্বাচিত ক্রিকেট প্রশাসনের স্বায়ত্তশাসন সংরক্ষণ করাও অপরিহার্য।সেই অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদকে এই বিষয়টি বিসিবি এমনভাবে নিষ্পত্তি করার অনুরোধ করেছে, যাতে বাংলাদেশ ক্রিকেটের স্থিতিশীলতা, স্বাধীনতা এবং অব্যাহত অগ্রগতি অটুট থাকে, পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রদায়ের মধ্যে দেশের অবস্থান সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকে।”

প্রসঙ্গত, স্বাধীন তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিচারপতি (অবসরপ্রাপ্ত) একেএম আসাদুজ্জামানকে। তার সঙ্গে সদস‌্য হিসেবে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির, যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ‌্যাডভোকেট ব‌্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।

পাঁচ সদস্যের এই কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং তাদের কাজ চলমান।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়