ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রিয়ালের ড্রেসিংরুমে মারামারি, হাসপাতালে একজন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৮ মে ২০২৬  
রিয়ালের ড্রেসিংরুমে মারামারি, হাসপাতালে একজন

মৌসুমের সবচেয়ে কঠিন সময় পার করছে রিয়াল মাদ্রিদ। মাঠের ব্যর্থতা এবার ছড়িয়ে পড়েছে ড্রেসিংরুমেও। লা লিগার শিরোপা হাতছাড়া হওয়ার শঙ্কা, চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়; সব মিলিয়ে অস্থিরতার ভেতর এবার বড় ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনি।

স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, অনুশীলনের সময় দুই সতীর্থের মধ্যে তীব্র বাকবিতণ্ডা থেকে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। ঘটনার পর মাথায় আঘাত পেয়ে হাসপাতালে নেওয়া হয় রিয়ালের সহ-অধিনায়ক ভালভার্দেকে। পরে ক্লাবও নিশ্চিত করেছে, উরুগুইয়ান এই মিডফিল্ডার মাথায় আঘাত পেয়েছেন এবং তাকে অন্তত ১০ থেকে ১৪ দিন বিশ্রামে থাকতে হবে।

আরো পড়ুন:

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষার পর ভালভার্দের মাথায় আঘাতের বিষয়টি নিশ্চিত হয়েছে। বর্তমানে তিনি বাসায় আছেন এবং শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

ঘটনাটি ঘটে ভালদেবেবাস অনুশীলন কেন্দ্রে। জানা গেছে, আগের দিনও দুই ফুটবলারের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরদিন সেই উত্তেজনা আরও বেড়ে যায়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে ক্লাব কর্তৃপক্ষকে জরুরি বৈঠকে বসতে হয়। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে কোনো খেলোয়াড়কে অনুশীলন কেন্দ্র ছাড়তে দেওয়া হয়নি।

রিয়াল মাদ্রিদ অবশ্য ড্রেসিংরুমের ভেতরের ঘটনা নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেনি। তবে ক্লাব নিশ্চিত করেছে, দুই খেলোয়াড়ের বিরুদ্ধেই শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ক্ষমা চেয়েছেন ভালভার্দে। যদিও তিনি দাবি করেছেন, ঘটনাটি অতটা ভয়াবহ ছিল না। তার ভাষায়, “তর্কের সময় অসাবধানতাবশত একটি টেবিল উল্টে যায়।” তবে ক্লাবের ভেতরের সূত্র বলছে, পরিস্থিতি অনেক বেশি উত্তপ্ত ছিল।

রিয়ালের ড্রেসিংরুমে অস্থিরতা অবশ্য নতুন নয়। কয়েকদিন আগেই আলভারো কারেরাস ও আন্তোনিও রুডিগারের মধ্যেও উত্তপ্ত তর্কের খবর প্রকাশ হয়েছিল। যদিও পরে সেটিকে “এককালীন ঘটনা” বলে উড়িয়ে দেওয়া হয়।

সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের ভেতরে এখন স্পষ্ট বিভাজনের আভাস দেখা যাচ্ছে। কোচ জাবি আলোনসো মৌসুমের মাঝপথে বিদায় নেওয়ার পর দায়িত্ব পাওয়া আলভারো আরবেলোয়া এখনো দলকে স্থিতিশীল করতে পারেননি। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর লা লিগাতেও বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে মাদ্রিদের ক্লাবটি।

রোববার কাম্প ন্যুতে হতে যাওয়া এল ক্লাসিকো এখন তাই শুধু একটি ম্যাচ নয়, রিয়ালের জন্য অস্তিত্বের লড়াইও। কারণ সেখানে হারলেই টানা দ্বিতীয় মৌসুম ট্রফিশূন্য থাকার বাস্তবতা আরও প্রকট হয়ে উঠবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়