রিয়ালে ফিরছেন মোরিনহো!
টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা ছাড়াই শেষ করেছে রিয়াল মাদ্রিদ। মাঠের হতাশা, কোচ পরিবর্তন আর ক্লাবজুড়ে অনিশ্চয়তার মধ্যে এবার পুরোনো এক পরিচিত মুখকে ফিরিয়ে আনার পথে স্প্যানিশ জায়ান্টরা। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখা যাবে কিংবদন্তি কোচ হোসে মোরিনহোকে।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদে ফেরার জন্য ২ বছরের চুক্তিতে মৌখিকভাবে সম্মত হয়েছেন মোরিনহো। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর হয়নি। তবে বর্তমান ক্লাব বেনফিকাতেও নাকি ইতোমধ্যে বিদায়ের বার্তা দিয়ে ফেলেছেন এই পর্তুগিজ কোচ।
মোরিনহোকে বার্নাব্যুতে ফিরিয়ে আনতে রিয়ালকে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৭০ লাখ ইউরো দিতে হবে বেনফিকাকে। কারণ, ২০২৭ সাল পর্যন্ত পর্তুগিজ ক্লাবটির সঙ্গে চুক্তি ছিল তার।
এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের দায়িত্বে ছিলেন মোরিনহো। সেই সময় পেপ গার্দিওলার বার্সেলোনার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন তিনি। তার অধীনে রিয়াল জিতেছিল ১টি লা লিগা, ১টি কোপা দেল রে ও ১টি স্প্যানিশ সুপার কাপ।
এবার তিনি দায়িত্ব নেবেন তার সাবেক শিষ্য আলভারো আরবেলোয়ার স্থলাভিষিক্ত হয়ে। জানুয়ারিতে জাবি আলোনসো বরখাস্ত হওয়ার পর দায়িত্ব পেয়েছিলেন আরবেলোয়া। তবে ক্লাবে অন্য কোনো ভূমিকায় তিনি থেকে যেতে পারেন বলেও আলোচনা রয়েছে।
বর্তমানে লা লিগায় চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। মৌসুমে একটি ম্যাচ বাকি থাকলেও শিরোপার আশা আগেই শেষ হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগেও কোয়ার্টার ফাইনালে ছিটকে যায় দলটি, যেখানে বায়ার্ন মিউনিখের কাছে হারে তারা।
এদিকে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সম্প্রতি নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আগামী ২৩ মে পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। সেই কারণে মোরিনিয়োর আনুষ্ঠানিক ঘোষণা কবে হবে, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
রিয়ালের আরেক বড় পরিকল্পনা হিসেবে উঠে এসেছে কিংবদন্তি মিডফিল্ডার টনি ক্রুসকে ফেরানোর বিষয়টিও। ২০২৪ সালে অবসর নেওয়া এই জার্মান তারকাকে ক্লাবে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যদিও তিনি কী দায়িত্ব পাবেন তা এখনও স্পষ্ট নয়।
পর্তুগিজ লিগ মৌসুম শেষে মোরিনহো নিজেও স্বীকার করেছেন, তার এজেন্ট জর্জ মেন্ডেসের সঙ্গে রিয়ালের যোগাযোগ হয়েছে। একই সঙ্গে বেনফিকা তাকে নতুন চুক্তির প্রস্তাবও দিয়েছিল।
মোরিনিয়ো বলেন, “আমার ভবিষ্যৎ এই সপ্তাহেই ঠিক হয়ে যাবে।”
চলতি মৌসুমে বেনফিকা লিগে অপরাজিত থাকলেও ২৩ জয় ও ১১ ড্র নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছে। ২০১৩ সালে রিয়াল ছাড়ার পর চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, রোমা, ফেনারবাচে ও বেনফিকার দায়িত্ব সামলেছেন মোরিনিয়ো। এবার বার্নাব্যুতে আবারও শুরু হতে যাচ্ছে ‘স্পেশাল ওয়ান’ এর নতুন অধ্যায়?
ঢাকা/আমিনুল