ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানকে হারিয়ে ভারতকে টপকাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ২০ মে ২০২৬  
পাকিস্তানকে হারিয়ে ভারতকে টপকাল বাংলাদেশ

সিলেটের মাটিতে আরেকটি স্মরণীয় অধ্যায় লিখল বাংলাদেশ। ব্যাটে ধৈর্য, বলে আগুন আর জয়ের অদম্য ক্ষুধা- সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ জয় তুলে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বড় বার্তা দিল টাইগাররা। এই জয়ে শুধু সিরিজ নিশ্চিত হয়নি, পয়েন্ট তালিকায় ভারতকেও পেছনে ফেলেছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে ৭৮ রানের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে ২ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নেয় স্বাগতিকরা। টেস্টের শেষ দিন আজ বুধবার সকালের সেশনেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। বাকি ৩ উইকেট দ্রুত তুলে নিয়ে পাকিস্তানের প্রতিরোধ ভেঙে দেয় টাইগার বোলাররা।

আরো পড়ুন:

এই জয়ে সবচেয়ে বড় নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পুরো ম্যাচে ৬ উইকেট শিকার করেন তিনি। শেষ দিনেও ২টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে পাকিস্তানের বড় রান তাড়ার স্বপ্ন গুঁড়িয়ে দেন এই স্পিনার। ৪৩৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমেছিল পাকিস্তান।

অন্যদিকে পেসার শরিফুল ইসলামও বড় ভূমিকা রাখেন। শেষ দিনে পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ৯৪ রানে ফেরান তিনি। সেই উইকেটই মূলত ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে এনে দেয়।

এই সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশেষভাবে ঐতিহাসিক। কারণ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়। শুধু তাই নয়, ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর এটি ছিল এশিয়ার প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে টানা দ্বিতীয় হোয়াইটওয়াশ।

এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় উন্নতি হয়েছে বাংলাদেশের। জয়ের শতাংশ এখন ৫৮.৩৩, যা নিয়ে বাংলাদেশ উঠে এসেছে পঞ্চম স্থানে। আর এক ধাপ নিচে নেমে ষষ্ঠ স্থানে চলে গেছে ভারত।

অন্যদিকে এই হারেও পাকিস্তানের অবস্থা আরও কঠিন হয়েছে। তারা পয়েন্ট তালিকার অষ্টম স্থানেই রয়ে গেছে।

সিলেটের এই জয় শুধু একটি সিরিজ জয়ের গল্প নয়, এটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের আত্মবিশ্বাস, পরিপক্বতা এবং বড় দলের বিপক্ষে ধারাবাহিক সাফল্যের প্রতীক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন এখন আর কেবল কল্পনা নয়- বাংলাদেশ সেটিকে বাস্তবের কাছাকাছি নিয়ে এসেছে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়