সীমান্ত পেরোনো প্রেমের গল্প ‘তাজমহল’
ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পাবে নতুন অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’। সীমান্তের দুই পাড়ের দুটি হৃদয়ের আবেগঘন প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ফিল্মটি। বিশেষ গল্পের হাত ধরেই প্রথমবার পর্দায় জুটি বেঁধেছেন বাংলাদেশের সম্ভাবনাময় অভিনেতা ফাইজুল ইয়ামিন ও কলকাতার পরিচিত মুখ সৃজা দত্ত।
‘তাজমহল’ ওয়েব ফিল্মটির মাধ্যমে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার পা রাখছেন টলিউড অভিনেত্রী সৃজা দত্ত। টলিউড সুপারস্টার দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ সিনেমা দিয়ে বড়পর্দায় নজরকাড়া অভিষেকের পর, সৃজিত মুখার্জির ‘টেক্কা’ এবং হইচই-এর ‘নিশির ডাক’-এ মুখ্য চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন। এবার ‘তাজমহল’-এর একটি চমৎকার চরিত্রে নিজের অভিনয়ের দ্যুতি ছড়াতে পুরোপুরি প্রস্তুত এই অভিনেত্রী।
সৃজার বিপরীতে এই ফিল্মে প্রধান চরিত্রে দেখা যাবে বাংলাদেশের ওটিটি ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ ফাইজুল ইয়ামিনকে। পরিচালক রায়হান রাফীর আলোচিত ‘প্রেসার কুকার’ চলচ্চিত্রে ‘শাকিল’ চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এছাড়া ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর নাটক ‘পেজ টার্নার’ এবং রোমান্টিক ঘরানার ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’-এ সাবলীল অভিনয় করে ইতিমধ্যেই ছোটপর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ফাইজুল।
চমকপ্রদ কাস্টিংয়ের পাশাপাশি ‘তাজমহল’ দিয়ে দীর্ঘ ১১ বছরের বিরতি ভেঙে পরিচালকের আসনে ফিরছেন গুণী নির্মাতা ওয়াহিদ আনাম। সমাজ ও জীবনের রুক্ষ, বাস্তবধর্মী চিত্র এবং সাধারণ মানুষের জীবনসংগ্রাম পর্দায় নিপুণভাবে ফুটিয়ে তোলায় বরাবরই অনন্য তিনি। তার নির্মিত ‘পাড়ি’, ‘ছিন্ন’ কিংবা আলোচিত টেলিফিল্ম ‘চক্র’ আজও দর্শকের মনে গেঁথে আছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর চেনা ছন্দের বাইরে গিয়ে ভিন্নধর্মী রোমান্টিক গল্প নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা।
একটি মন ছুঁয়ে যাওয়া প্রেমের গল্প, ফাইজুল-সৃজার নতুন জুটির রসায়ন এবং ওয়াহিদ আনামের পরিণত নির্মাণশৈলী—সবকিছুর এক চমৎকার সমন্বয় দেখা যাবে ‘তাজমহল’-এ। ওটিটি সংশ্লিষ্টরা আশা করছেন, দুই বাংলার দর্শকদের ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করবে ওয়েব ফিল্মটি। দর্শকদের জন্য ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ঈদুল আজহার দিন, এক্সক্লুসিভলি বঙ্গে।
ঢাকা/রোহান/শান্ত
বেইজিং বৈঠকে ২০ চুক্তিতে স্বাক্ষর করলেন জিনপিং-পুতিন