ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সম্পর্কের জটিল সমীকরণে পারসা ইভানা!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ১০ মার্চ ২০২৬   আপডেট: ১৫:২৪, ১০ মার্চ ২০২৬
সম্পর্কের জটিল সমীকরণে পারসা ইভানা!

পারসা ইভানা

সম্পর্কের টানাপড়েন, মানসিক দ্বন্দ্ব এবং পরিবার-সমাজের চাপের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’। এতে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী পারসা ইভানা। 

গত ৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচই–এর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার। রেজাউর রহমান পরিচালিত এই ওয়েব ফিল্ম আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে।  

আরো পড়ুন:

সিনেমাটিতে পারসা ইভানার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। হইচইয়ের পর্দায় এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে। তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকার প্রমুখ।  

গল্পের কেন্দ্রে রয়েছে ফারহান ও আমিরা নামে দুই চরিত্র। বাইরে থেকে তাদের সম্পর্ক স্বাভাবিক মনে হলেও ভেতরে তারা আটকে আছে এক শূন্য হয়ে যাওয়া সম্পর্কে। বিয়ে পবিত্র, বিয়ে সুন্দর—তবু সবসময় তা সুখের হয় না। একসময় তারা বুঝতে পারে, তারা যেন একটি মৃত সম্পর্কের ভেতরে বন্দি। 

এই বাস্তবতায় তারা দোটানায় পড়ে যায়—কী করবে, কোন পথে যাবে? একদিকে মানসিক অস্থিরতা, অন্যদিকে পরিবার ও সমাজের চাপ। ভালোবাসা, বিভ্রান্তি আর নানা আবেগের টানাপড়েনের মধ্য দিয়েই এগিয়ে চলে তাদের গল্প। 

চরিত্র প্রসঙ্গে পারসা ইভানা বলেন, “এই চরিত্র আমার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং নতুন ধরনের। যদিও এটি রোমান্টিক কমেডি ধাঁচের গল্প, তবে এর মধ্যে অনেক সূক্ষ্ম অনুভূতির জায়গা আছে। ট্রেইলারে সেই আবহের একটি ঝলক পাওয়া যাবে। ইয়াশের সঙ্গে কাজ করাও খুব ভালো লেগেছে। আমরা দুজনই চেষ্টা করেছি গল্পের আবেগটা ঠিকভাবে তুলে ধরতে।” 

ওয়েব ফিল্মটির গল্প প্রসঙ্গে পরিচালক রেজাউর রহমান বলেন, “গল্পটি মূলত এই সময়ের সম্পর্ককে ঘিরে। ভালোবাসা আছে, কিন্তু একই সঙ্গে ব্যক্তিগত স্বাধীনতা ও কাজের চাপ—সব মিলিয়ে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। ট্রেইলারের মাধ্যমে আমরা সেই গল্পের একটি আভাস দিতে চেয়েছি।” 

জানা গেছে, ওয়েব ফিল্মটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন রেজাউর রহমান ও কারিনা কায়সার। আগামী ১৯ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচই–এ মুক্তি পাবে ‘একসাথে আলাদা’।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়