ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাথার পেছনে ব্যথা কেন হয়, কী করবেন

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২০ মে ২০২৬   আপডেট: ১৫:১৪, ২০ মে ২০২৬
মাথার পেছনে ব্যথা কেন হয়, কী করবেন

ছবি: প্রতীকী

মাথাব্যথার সমস্যায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কখনও সাধারণ কারণে মাথাব্যথা হয়, আবার কখনও এটি হতে পারে গুরুতর কোনো রোগের লক্ষণ। মাথাব্যথার ধরনও ভিন্ন ভিন্ন। কারও পুরো মাথায় ব্যথা হয়, কারও আবার আধকপালি বা মাথার একপাশে। অনেকের ক্ষেত্রে ব্যথা বেশি অনুভূত হয় মাথার পেছন দিকে। মাথার পেছনে ব্যথা সাধারণত কিছু শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে সম্পর্কিত। নিচে এর কয়েকটি সাধারণ কারণ তুলে ধরা হলো—

অতিরিক্ত দুশ্চিন্তা বা স্ট্রেস
এ ধরনের ব্যথাকে টেনশন টাইপ হেডেক বলা হয়। এতে মাথার পেছনে বা পুরো মাথাজুড়ে ব্যান্ডের মতো চাপ অনুভূত হয়। ঘাড়ের পেশিতে টান লাগে, চোখেও ব্যথা হতে পারে। অতিরিক্ত কাজের চাপ, মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তার কারণে এ সমস্যা দেখা দেয়। বিশ্রাম নিলে বা সাধারণ ব্যথার ওষুধ খেলে অনেক সময় আরাম পাওয়া যায়।

আরো পড়ুন:

মাইগ্রেন
মাইগ্রেনের ব্যথা সাধারণত মাথার একপাশে হলেও অনেক সময় মাথার পেছন দিক থেকে তীব্র ব্যথা শুরু হতে পারে। এর সঙ্গে বমিভাব, আলো সহ্য করতে না পারা এবং চোখে ব্যথা থাকতে পারে।

ঘাড়ের পেশিতে টান
দীর্ঘ সময় অস্বাভাবিক ভঙ্গিতে বসে থাকা বা ভুলভাবে ঘুমানোর কারণে ঘাড়ের পেশিতে টান পড়ে। এতে মাথার পেছনে তীব্র ব্যথা হতে পারে এবং ঘাড় নাড়াতে কষ্ট হয়।

সারভাইক্যাল স্পন্ডিলাইটিস
যারা দীর্ঘ সময় ডেস্কে বসে বা কম্পিউটারের সামনে কাজ করেন, তাদের অনেকের সারভাইক্যাল স্পন্ডিলাইটিস হয়। এতে ঘাড় ও মাথার পেছনে ব্যথা অনুভূত হয়।

রক্তচাপের সমস্যা
হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে বা কমে গেলে মাথার পেছনে ব্যথা হতে পারে। তাই নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা জরুরি।

আঘাতজনিত কারণ
মাথার পেছনে আঘাত লাগলে বা ঘাড়ের অস্থিসন্ধিতে সমস্যা হলে ব্যথা হতে পারে। এমনকি কখনও অতিরিক্ত জোরে মাথা ম্যাসাজ করালেও পেশিতে আঘাত লেগে ব্যথা দেখা দেয়।

সাইনাস সংক্রমণ
ঠান্ডা লাগা বা সাইনাসে সংক্রমণ হলে মাথার বিভিন্ন অংশের পাশাপাশি মাথার পেছনেও ব্যথা হতে পারে।

কী করবেন

  • পর্যাপ্ত বিশ্রাম নিন 
  • মানসিক চাপ কমানোর চেষ্টা করুন 
  • ঘুমানোর সময় সঠিক ভঙ্গি বজায় রাখুন 
  • দীর্ঘ সময় একভাবে বসে কাজ না করে মাঝে মাঝে বিরতি নিন 
  • নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন এবং নিয়ন্ত্রণে রাখুন 
  • প্রয়োজন হলে প্যারাসিটামল–জাতীয় ওষুধ খেতে পারেন 
  • ব্যথা বেশি হলে বা বারবার হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন 

কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন
নিচের লক্ষণগুলো থাকলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি—

  • হঠাৎ তীব্র মাথাব্যথা শুরু হলে 
  • মাথাব্যথার সঙ্গে ঝাপসা দেখা বা কথা জড়িয়ে গেলে 
  • হাত-পা অবশ লাগলে 
  • জ্বর, বমি বা ঘাড় শক্ত হয়ে গেলে 
  • মাথায় আঘাতের পর ব্যথা শুরু হলে 
  • দীর্ঘদিন ধরে ব্যথা চলতে থাকলে 

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়