‘এই প্রথম বাংলাদেশে অভিনয় করতে আসছি’
অঞ্জন দত্ত
বিনোদন ডেস্ক: “আগামী ৯ জুলাই, আমার নাটক নিয়ে ঢাকায় আসছি। নাটকের নাম ‘সেলসম্যানের সংসার’। বাংলাদেশে এতদিন শুধু গান করেছি। এই প্রথম বাংলাদেশে অভিনয় করতে আসছি। কলকাতায় এই নাটকটি প্রচুর মানুষ দেখেছেন। এবার সেটা ঢাকাতে হবে।” এক ভিডিও বার্তায় এভাবেই কথাগুলো বলেন ভারতীয় বাংলা গানের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত।
আগামী ৯ জুলাই বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে নাটকটি। আর্থার মিলারের ‘ডেথ অব অ্যা সেলসম্যান’ অবলম্বনে ‘সেলসম্যানের সংসার’ নাটকটি রচনা, নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন অঞ্জন দত্ত। এতে মধ্যবিত্ত সমাজের সংকট ধরতে চেয়েছেন পরিচালক। সাংসারিক দিক থেকে সমাজ বা রাজনীতি দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই নির্মিত হয়েছে নাটকটি। নাটকে উইলি লোম্যানের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত। চলতি বছর জানুয়ারিতে কলকাতায় নাটকটির প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
এই সফরে অঞ্জন দত্তকে নিয়ে নতুন একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হবে। বইটি অঞ্জন দত্তর থিয়েটার জীবন নিয়ে লেখা হয়েছে। শুধু তাই নয় নাটক, বই উন্মোচন শেষে অঞ্জন দত্ত শ্রোতাদের গানও শোনাবেন। এই আয়োজনের টিকিট মূল্য দুই হাজার টাকা। ফেসবুকের ‘বার-বি-বিডি’ পেজে টিকিট সংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে।
সংগীতের পাশাপাশি পরিচালক ও অভিনেতা হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন অঞ্জন দত্ত। ১৯৯৮ সালে ‘বড়দিন’ সিনেমা পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে অঞ্জন দত্তের। পরবর্তীতে আরো ২১টি চলচ্চিত্র নির্মাণ করেন। ২০১১ সালে তার নির্মিত ‘রঞ্জনা আমি আর আসবোনা’ সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

বাংলাদেশি লেখক সাজ্জাদ হুসাইন এই শিল্পীকে নিয়ে লিখেছেন ‘অঞ্জনযাত্রা’। গত বছরের ২৭ মার্চ বিশ্বসাহিত্য কেন্দ্রে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে অংশ নিতে সবশেষ ঢাকায় এসেছিলেন অঞ্জন দত্ত।
রাইজিংবিডি/ঢাকা/৩ মে ২০১৯/শান্ত/মারুফ
রাইজিংবিডি.কম