ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোরিয়ার বিপক্ষে হেরেও শেষ ষোলোতে আর্জেন্টিনা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৩, ১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোরিয়ার বিপক্ষে হেরেও শেষ ষোলোতে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হতাশ করেছে দক্ষিণ কোরিয়া। তবে পোল্যান্ডে চলমান এ আসরে কোরিয়ার বিপক্ষে হারলেও শেষ ষোল তথা নকআউট পর্ব নিশ্চিত করতে সমস্যা হয়নি আর্জেন্টিনার। অন্যদিকে ভালো খেলেও হোঁচট খেয়েছে পর্তুগাল, বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হয়েছে পর্তুগিজদের।

চলমান টুর্নামেন্টের একই গ্রুপে ছিলো আর্জেন্টিনা ও পর্তুগাল। 'এফ' গ্রুপের শেষদিনের ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। পর্তুগালের প্রতিপক্ষ ছিলো দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিলো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের ম্যাচ। এ ম্যাচটিতে দক্ষিন কোরিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা।

দলের জয়ে ম্যাচের প্রথমার্ধে কোরিয়ার হয়ে গোল করেন সে উন হ। পরে ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ং উক চু। শেষ বাঁশি বাজার খানিক আগে আর্জেন্টিনার হয়ে এক গোল শোধ করেন ক্রিশ্চিয়ান ফেরেইরা। যা হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি। তবে দল হারলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ ষোলোতে পা রাখে আর্জেন্টিনা।

গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে যেকোনো ব্যবধানে হারাতে পারলেই শেষ ষোলোতে পৌঁছে যেত পর্তুগাল। কারণ আর্জেন্টিনার কাছে হারলেও তারা জিতেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করায় বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের।

শেষ ষোলোর মঞ্চে মহাদেশীয় পরাশক্তি জাপানের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে মালির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।




রাইজিংবিডি/ঢাকা/১ জুন ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়