নিরাপদ ঢাকার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
রবিবার বিকেলে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে নির্বাচনি পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তর করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী তারেক রহমান।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে নির্বাচনি পথসভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।
তারেক রহমান বলেন, “আমি এই এলাকার সন্তান। এ এলাকাতেই বেড়ে উঠেছি।”
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকাকে এমন একটি নিরাপদ শহরে পরিণত করা হবে, যেখানে নারীসহ সব মানুষ যেকোনো সময় নিরাপদে চলাফেরা করতে পারবে এবং ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে পরিচালনা করতে পারবে।”
ঢাকায় খেলার মাঠের স্বল্পতার কথা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, “বিএনপি ক্ষমতায় এলে শুধু ঢাকা-১৭ নয়, পুরো ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। এতে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ তৈরি হবে এবং বয়স্ক মানুষ ও নারীরাও হাঁটাচলার সুযোগ পাবেন।”
পথসভায় কৃষকদের জন্য বিশেষ উদ্যোগের কথাও জানান তারেক রহমান। তিনি বলেন, “বিএনপি সরকার গঠন করতে পারলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। এলাকাভিত্তিক হাসপাতাল নির্মাণ এবং ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।”
বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্র ও আইটি ট্রেনিং চালুর প্রতিশ্রুতিও দেন বিএনপির চেয়ারম্যান। পাশাপাশি, বিদেশে কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি দমন বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার।”
ঢাকা/আলী/রফিক