ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্মৃতিশক্তি বাড়াতে অপরাজিতা ফুলের চা

বিল্লাল হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৫, ৩০ আগস্ট ২০২০
স্মৃতিশক্তি বাড়াতে অপরাজিতা ফুলের চা

অপরাজিতা ফুলের ‘চা’ নামটা শুনেই ভ্রু কুচকে গেলো তাই না? এটা আবার পান করে? আসলে এই চা সম্পর্কে আমাদের ধারণা নেই বললেই চলে। এর রয়েছে অনেকগুলো ঔষধি গুণ। তাই এ চা সম্পর্কে ধারণা থাকা চাই।

অপরাজিতা ফুলের চা সর্বাধিক পরিচিত ‘নীল চা’ বা ‘ব্লু-টি’ নামে। এটি ক্যাফেইন মুক্ত হারবাল চা। এটি উদ্ভিদ থেকে তৈরি করা হয় বলেই এটিকে হারবাল চা বলা হয়। এই পানীয়টি তৈরি করা হয় ইনফিউশন বা ডিকোটেশন পদ্ধতিতে।

এই পদ্ধতিতে অপরাজিতা ফুলের পাপড়ি বা সম্পূর্ণ গাছকে পানিতে ভিজিয়ে নির্জাস বের করে নেয়া হয়। এই চায়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অম্লত্ব বা ক্ষারত্বের (পিএইচ) ওপর ভিত্তি করে রং বদলায়। যেমন এতে যদি লেবুর রস যোগ করা হয় তাহলে এটি বেগুনী রঙ ধারণ করবে। এই চা সাধারণত ঠান্ডা অথবা গরম অবস্থায় পরিবেশন করা হয়।

এই চায়ে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যালস। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো- পলিফেনল, ফ্লাভোনোয়িডস, স্যাপোনিন, ট্যানিন, অ্যান্থোসায়ানিন, অ্যালকালোয়িডস, টারনাটিনস, ইনোসিটল, পেন্টান্যাল ইত্যাদি।

যেহেতু এতে প্রচুর ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছে, এর ঔষধি গুণাগুণও তাই অনেক বেশি। জানা যাক এর ঔষধি গুণাগুণ-
ক্যান্সার প্রতিরোধে: এতে রয়েছে অ্যান্থোসায়ানিন যা আমাদের দেহে ফ্রি রেডিক্যাল (মুক্ত মূলক) তৈরিতে বাধা দেয় এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। 

ডায়াবেটিস নিয়ন্ত্রণে: গবেষণায় দেখা গেছে এটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সক্ষম। অর্থাৎ এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

লিভার সুরক্ষায়: গবেষণা বলছে, নীল চায়ের পলিফেনল ও ফ্লাভোনোয়েড যৌগ লিভার এনজাইমের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং লিভার সুরক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে।

অ্যাজমা প্রতিরোধে: মালয়েশিয়ার একদল গবেষকের মতে, এতে উপস্থিত স্যাপোনিন ও ফ্লাভোনোয়িড যৌগ অ্যাজমা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে।

স্মৃতিশক্তি বর্ধক: এটি স্মৃতিশক্তি বর্ধক হিসেবে অ্যালঝেইমার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।

হৃদরোগের ঝুঁকি কমাতে: এটি রক্তের ট্রাইগ্লিসারাইডস, কোলেস্টেরল ও এলডিএল এর মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
সুতরাং বোঝাই যাচ্ছে অপরাজিতা ফুলের চা কতটা উপকারি আমাদের শরীরের জন্য। আমাদের উচিৎ কোমল পানীয়র পরিবর্তে নীল চা পান করা।

লেখক: শিক্ষার্থী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়।

ইবি/মাহফুজ

সর্বশেষ

পাঠকপ্রিয়