ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বছরের প্রতিটি দিন হোক মায়ের দিন

সাফা আক্তার নোলক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১০ মে ২০২৬  
বছরের প্রতিটি দিন হোক মায়ের দিন

‘মা’ ছোট্ট একটি শব্দ, অথচ এই শব্দটিকেই আঁকড়ে ধরে একজন সন্তান পার করে দেয় তার সমগ্র জীবন। একজন সন্তানের প্রথম সাহস, প্রথম আশ্রয়, প্রথম নিরাপত্তা, সবকিছুর নামই মা।

একটি ছোট্ট শিশু তার সমস্ত পৃথিবী গড়ে তোলে মাকে ঘিরে। জন্মের পর প্রথম স্পর্শ, প্রথম হাসি, প্রথম শব্দ, প্রথম হাঁটা, সবকিছুর পেছনেই জড়িয়ে থাকে একজন মায়ের নিঃস্বার্থ উপস্থিতি। হাতেখড়ি থেকে শুরু করে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো পর্যন্ত মা সন্তানের পাশে থাকেন ছায়ার মতো।

আরো পড়ুন:

মায়ের মতো প্রশান্তি পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর কোনো সম্পদ, কোনো প্রাপ্তি দিয়েই মায়ের ঋণ শোধ করা সম্ভব নয়। একজন সন্তানের প্রতিটি সফলতা, প্রতিটি সাহস, প্রতিটি স্বপ্নের গভীরে কোথাও না কোথাও মায়ের অবদান লুকিয়ে থাকে।মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, থাকে না কোনো শর্ত কিংবা কারণ। মা নিঃস্বার্থভাবে ভালোবেসে যান তার সন্তানকে।

সন্তানকে ঘিরেই তিনি গড়ে তোলেন নিজের ছোট্ট এক পৃথিবী। আর সেই পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে থাকে হাজারো স্বপ্ন, অসংখ্য প্রার্থনা আর অফুরন্ত মমতা।

মা শুধু একজন সন্তানকে জন্ম দেন না; সেই সঙ্গে তিনি জন্ম দেন অসংখ্য স্বপ্নেরও। সন্তানের ভবিষ্যৎ, সন্তানের সুখ, সন্তানের সাফল্য, সবকিছুই হয়ে ওঠে তাঁর নিজের জীবনের অংশ।

মা মানে সবচেয়ে কাছের বন্ধু। মা মানে অনুপ্রেরণা। মা মানে ক্লান্ত দিন শেষে এক চিলতে শান্তি। সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ি ফিরে সবার আগে যে শব্দটি মুখে আসে, তা হলো মা।

দিনশেষে মায়ের মুখের সেই মিষ্টি হাসি যেন জীবনের সব অভাব ভুলিয়ে দেয়। তার উপস্থিতি মনে এনে দেয় এক অদ্ভুত প্রশান্তি, এক গভীর নিরাপত্তাবোধ। মায়ের পাশে থাকলে মনে হয়, পৃথিবীর সবচেয়ে কঠিন পথও বুঝি পাড়ি দেওয়া সম্ভব।

মায়ের উপস্থিতি সন্তানকে দেয় বেঁচে থাকার তাড়না, লড়াই করার সাহস এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি। মায়ের অনুপ্রেরণাই সাহস জোগায় আকাশ ছোঁয়ার, স্বপ্ন পূরণের। সত্যিই, মা ছাড়া প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত যেন কোথাও অসম্পূর্ণ। মা মানে শুধু ভালোবাসা নয়, মা মানে সম্মান, শ্রদ্ধা আর অস্তিত্বের গভীরতম অনুভূতি।

আমি শুধু চাই, আমার মা ভালো থাকুক। অনন্তকাল বেঁচে থাকুক আমার জীবনের ছায়া হয়ে। দিনশেষে তার মুখে থাকুক প্রশান্তি, ঠোঁটে থাকুক সেই চিরচেনা মিষ্টি হাসি। পৃথিবীর প্রতিটি মা ভালো থাকুক, সুস্থ থাকুক, দীর্ঘজীবী হোক। তারা আগলে রাখুন তাদের সন্তানদের, আর সন্তানদের হৃদয়ে চিরকাল অটুট থাকুক মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা। আন্তর্জাতিক মা দিবসে পৃথিবীর সকল মাকে জানাই গভীর ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা।

লেখক: শিক্ষার্থী, দর্শন বিভাগ
 জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়