টাঙ্গাইলে ২ গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সংঘর্ষ চলাকালে আগুনে পুড়িয়ে দেওয়া একটি বাড়ি।
টাঙ্গাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে কালাম তালুকদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৫ জুন) সকাল ৬টা থেকে গোপালপুর উপজেলার গোলপেচা ও ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামে এই আইন জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ আদেশ জারি থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার গোলপেচা ও জগৎপরা গ্রামের বাসিন্দাদের মধ্যে চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় প্রায় ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি গরু-বাছুর, গোলার ধান ও গৃহস্তালী সামগ্রী লুট করার অভিযোগ ওঠে। রাত ৮টায় গোপালপুরের নলিন বাজারে হামলা চালিয়ে শতাধিক দোকান ভাঙচুর লুট হয়।
সংঘর্ষে নিহত কালাম তালুকদার ভূঞাপুরের জগৎপুরা গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, “নিহত কালাম তালুকদার হাসপাতালে আনার আগেই মারা যান।”
গোপালপুরের হেমনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামছুল আলম জানান, মাস খানেক আগে গোপালপুরের গোলপেচা এবং ভূঞাপুরের জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে দোকানে বাকি চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১০/১২জন আহত হন। পরে জগৎপুরা গ্রামের বাসিন্দারা গোলপেচা গ্রামে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এর প্রতিশোধ হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যার পর জগৎকুড়া গ্রামের কয়েকশত মানুষ লাঠি ও রামদা নিয়ে গোলপেচা গ্রামে হামলা চালায়। হামলায় নারী শিশুসহ অনেকেই আহত হয়। এর মধ্যে হেমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেনের অবস্থা গুরুতর।
জগৎকুড়া গ্রামের বাসিন্দা এবং নলিন বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম অভিযোগ করেন, রাত ৮টার পর হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামের কয়েকশত মানুষ নলিন বাজারে হামলা চালায়। তারা বেছে বেছে জগৎকুড়া গ্রামের ব্যবসায়ীদের দোকান ভাঙচুর ও লুট করে। এতে প্রায় তিন কোটি টাকার পণ্য লুট হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমান জানান, “দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ঢাকা/কাওছার/মাসুদ
লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা