কক্সবাজারে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের উখিয়া উপজেলায় সীমান্ত রক্ষা বাহিনীর (বিজিবি) অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য জানান।
শুক্রবার (৫ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উখিয়া থানার এফডিএমএন ক্যাম্প এলাকার আমির হোসেনের ছেলে কেফায়েত উল্লাহ (৩০) এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ক্যারেঙ্গাঘোনা গ্রামের মৌলভী রফিকের ছেলে হোবায়েত (১৮)।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর নিকটবর্তী ক্যারেঙ্গাঘোনা এলাকায় অবস্থান নেয়। শুক্রবার রাত ৮টার দিকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কালো কাপড়ে মোড়ানো দুটি পোটলার ভেতর থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন, মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসছিলেন।
উদ্ধার হওয়া ইয়াবা এবং গ্রেপ্তার দুই আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা/তারেকুর/বকুল
হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু