ঢাকা     রোববার   ০৭ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩ || ২১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সীমান্ত পেরিয়ে মাছ শিকার, আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ৬ জুন ২০২৬  
সীমান্ত পেরিয়ে মাছ শিকার, আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের বগারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

শনিবার (৬ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

আহত মোহাম্মদ আইয়ুব (২৮) উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্লক-৪ এর বাসিন্দা। তিনি মৃত কালা মিয়ার ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, গত ৫ জুন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে মিয়ানমারের বগারদিয়া এলাকায় মাছ ধরতে যান আইয়ুব। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আইয়ুবের ডান হাত ও পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তিনি ছোট বিল পোস্ট এলাকায় পৌঁছলে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

তিনি আরো জানান, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে কেউ যেন মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ না করে, সে বিষয়ে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

গত ৩ জুন উখিয়া সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের সঙ্গে একটি সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর গোলাগুলি হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ করা হয়। 

গত ৩০ মে টেকনাফের হ্নীলা সীমান্ত-সংলগ্ন নাফ নদীতে রোহিঙ্গা ডাকাত দলের গুলিবর্ষণ ও জেলেদের নৌকা লুটের ঘটনায় দুই রোহিঙ্গাকে আটক করে বিজিবি।

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়