তিন সহযোগী কোম্পানিকে একীভূত করবে ডরিন পাওয়ার
ফাইল ফটো
তিন সহযোগী প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ। বিষয়টি ডরিন পাওয়ারের পর্ষদ অনুমোদন করেছে।
সোমবার (৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
একীভূত করার সিদ্ধান্ত নেওয়া কোম্পানিগুলো হলো- চাঁদপুর পাওয়ার জেনারেশনস লিমিটেড, ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেড ও ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেড। কোম্পানিগুলোর একীভূতকরণ ১৯৯৪ সালের কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারার সম্পন্ন করা হবে।
তবে এই মার্জার কার্যকর করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারধারী ও ঋণদাতাদের অনুমোদনের পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগবে।
কোম্পানির তথ্য অনুযায়ী, সহযোগী প্রতিষ্ঠানগুলোর সংখ্যালঘু শেয়ারধারীদের নগদ অর্থ পরিশোধ করা হবে। এ প্রক্রিয়ায় কোনো নতুন শেয়ার ইস্যু বা বিনিময় করা হবে না। ফলে ডরিন পাওয়ারের বর্তমান শেয়ার মালিকানার কাঠামো অপরিবর্তিত থাকবে।
একীভূতকরণের ফলে সব সম্পদ ও কার্যক্রম একটি প্রতিষ্ঠানের অধীনে চলে আসবে। এতে ব্যবস্থাপনা তদারকি আরও শক্তিশালী হবে, প্রশাসনিক ও নিয়ন্ত্রক ব্যয় কমবে এবং দীর্ঘমেয়াদে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগের সুযোগ বাড়বে বলে আশা করছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
ঢাকা/নাজমুল/মাসুদ
হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু