ঢাকা     বুধবার   ১০ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জিয়ার আদর্শে সবুজ বিপ্লব ও বিজ্ঞানভিত্তিক দেশ গড়ার আহ্বান জোবাইদা রহমানের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ১০ জুন ২০২৬   আপডেট: ১৭:৫৫, ১০ জুন ২০২৬
জিয়ার আদর্শে সবুজ বিপ্লব ও বিজ্ঞানভিত্তিক দেশ গড়ার আহ্বান জোবাইদা রহমানের

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ভাইস চেয়ারম্যান ডা. জোবাইদা রহমান বলেছেন, বৃক্ষরোপণকে শুধু একটি গতানুগতিক কর্মসূচি হিসেবে না দেখে জনগণের অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করতে হবে। একইসঙ্গে দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান খুঁজে বের করতে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

আরো পড়ুন:

বুধবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজে’ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মুর্শিদ হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএফএম ইউসুফ হাইদার, এবিএম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে উদযাপন কমিটির আহ্বায়ক ড. লুতফুর রহমান, জেডআরএফ-এর পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

ডা. জোবাইদা রহমান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবেশ সংরক্ষণে অত্যন্ত সচেতন ছিলেন। সৌদি আরবের মরুভূমিতে তিনি নিমগাছ রোপণের উদ্যোগ নিয়েছিলেন। আজও বহু হজযাত্রী আরাফাত ময়দানে সেই গাছের ছায়ায় রৌদ্রের তাপ থেকে স্বস্তি পান।”

তিনি বলেন, বর্তমান পৃথিবীকে আরও সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে হবে। এজন্য দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে জনসম্পৃক্ত আন্দোলনে পরিণত করার পাশাপাশি ‘গ্রীন ভলান্টিয়ারিজম’, ‘ক্লাইমেট ইউথ ফেলোশিপ’ এবং পরিবেশভিত্তিক স্টার্টআপ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া যেতে পারে।

বিজ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মেধার সুষ্ঠু প্রয়োগ এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। নতুন নতুন উদ্ভাবন দেশের নানা সমস্যার সমাধান করবে এবং মানুষের দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বিজ্ঞানচিন্তায় মগ্ন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরাই বিশ্বের ভরসা। তাদের চিন্তা ও উদ্ভাবনের ওপর ভর করেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।

ডা. জোবাইদা রহমান দেশব্যাপী ‘ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজে’ প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন এবং অনুষ্ঠানের আয়োজন ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারাদেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বার্ষিক বিজ্ঞান প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

ঢাকা/নজরুল//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়