ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে লকডাউন অমান্য করে বিয়ে, ব্যাংক কর্মকর্তার জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে লকডাউন অমান্য করে বিয়ে, ব্যাংক কর্মকর্তার জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখীল ইউনিয়নে লকডাউন অমান্য করে বিয়ে করায় এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১ মে) বিকেলে বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার নাম আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি ঢাকায় এক্সিম ব্যাংকে কর্মরত।

আদালত সূত্র জানায়, আব্দুল্লাহ আল মাহমুদ ঢাকা থেকে বোয়ালখালী উপজেলায় আসেন ২৭ এপ্রিল। ঢাকা থেকে আসার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। কিন্তু তিনি কোয়ারেন্টাইন না মেনে আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন। শুক্রবার দুপুরে তিনি সীমিত লোকজন নিয়ে ঘরোয়াভাবে বিয়ে করেন।

শুক্রবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী সেনাবাহিনী ও পুলিশসহ নিয়মিত টহলে থাকাকালীন এলাকাবাসীর অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে তাৎক্ষণিকভাবে ওই ব্যাংক কর্মকর্তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং নববিবাহিত বর-বউকে পৃথক বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।


চট্টগ্রাম/রেজাউল/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়