ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২৬ জুন ২০২১  
বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (২৬ জুন) দুপুর পৌনে ১টায় হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছান সেনাপ্রধান। দুপুর ১টায় জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেনাবাহিনীর একটি দল গার্ড অব অনার দেয়।

আরো পড়ুন:

পরে রাষ্ট্রীয় সালাম শেষে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন সেনাপ্রধান। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

মন্তব‌্য বইতে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ লিখেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষের মাহেন্দ্রক্ষণে সেনাবাহিনীর প্রধান হিসেবে ইতিহাসের মহানায়ক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। একই সাথে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই ৩০ লক্ষ শহীদকে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার আলোকে সকলে মিলে কাজ করে প্রিয় বাংলাদেশ আরো উন্নত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলব, ইনশাল্লাহ।’

এ সময় সেনাপ্রধানের স্ত্রী, দুই কন্যা, যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নূরুল আনোয়ার, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল শাকিল আহমেদ, মিলিটারি সিকিউরিটি মেজর জেনারেল খালেদ আল মামুন, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম, সামরিক গোয়েন্দার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আ ফ ম আতিকুর রহমান, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ার হোসেন, ১০৫ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষ করে ২টা ৪৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন সেনাপ্রধান।

বাদল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়