বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নারীসহ নিহত ৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম
ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরিশালের বাকেরগঞ্জে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার মধ্যে সংর্ঘষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) দুপুরে বাকেরগঞ্জের হেলিপ্যাড সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন এতথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বাকেরগঞ্জ পৌরসভার আমির চৌধুরী (৬০), হাসিব (২৫), মাহিন্দ্রা চালক সোহাগ (২৪), সাথী (২৫) এবং ফয়সাল (৩০)।
ওসি আলাউদ্দিন মিলন জানান, বিআরটিসির একটি বাস কুয়াকাটা থেকে থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সঙ্গে বাকেরগঞ্জের হেলিপ্যাড সংলগ্ন সড়কে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর সাথীর মৃত্যু হয়। ওই ঘটনায় আহত শিশুসহ তিন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, সড়ক দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বন্ধ ছিল। তবে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ওসি জানান, বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্বপন/ মাসুদ