সাগরে ট্রলার ডুবি ২ জেলে নিখোঁজ
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উত্তাল সাগরে মাছ ধরায় ব্যস্ত জেলেরা
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোসাগারে ঝড়ের কবলে পরে ‘এফবি আনোয়ার’ ও ‘এফবি সুজন’ নামের দুটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এসময় দুই ট্রলার থেকে সিরাজুল ইসলাম (৫০) ও সিদ্দিক প্যাদা (৫৫) নামের দুই জেলে নিখোঁজ হন।
সোমবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে পায়রা বন্দরের শেষ ফেয়ার বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন: উত্তাল সৈকত, পর্যটকদের সতর্ক করছে প্রশাসন
এদিকে এখন পর্যন্ত অর্ধশতাধিক জেলে নিয়ে সাগরে নিখোঁজ রয়েছে মহিপুরের ৫ টি মাছধরা ট্রলার।
ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই ট্রলারের মালিক আনোয়ার ও সুজন। আর ট্রলার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর ও আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।
উদ্ধারকৃত জেলেদের মহিপুর স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।
নিখোঁজ জেলের মধ্যে সিদ্দিক প্যাদার বাড়ি গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে। আর সিরাজুল ইসলামের বাড়ি রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে।
আরো পড়ুন: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল, তিন নম্বর সতর্ক সংকেত
উদ্ধার হওয়া জেলেরা জানান, মঙ্গলবার দিবাগত রাতে ঝড়ের কবলে পরে ২৪ জন জেলে নিয়ে দুটি ট্রলার ডুবে যায়। আজ (মঙ্গলবার) দুপুরে অন্য একটি ট্রলার ডু্বে যাওয়া দুটি ট্রলারের ২২ জেলেকে উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
মহিপুর ও আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, আটটি ট্রলার নিখোঁজ ছিলো। এর মধ্যে দুটি ট্রলার ডুবে গেছে। একটির সন্ধান পাওয়া গেছে। আর পাঁচটি এখনো নিখোঁজ। ওই ট্রলারগুলোর সঙ্গে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত যোগাযোগ করা যায়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।
ইমরান/ মাসুদ