হরিণের মাংস কিনতে গিয়ে ক্রেতা আটক, পালালো বিক্রেতারা
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের মোংলায় হরিণের মাংস কিনতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই ব্যক্তি। এসময় মাংস ফেলে রেখে পালিয়ে যান দুই বিক্রেতা। পরে ঘটনাস্থল থেকে ১২ কেজি হরিণের মাংস জব্দ করে পুলিশ।
সোমবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে মোংলা পৌর শহরতলীর নারকেলতলা এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে নারকেলতলা এলাকায় হরিণের মাংস বিক্রি করতে আসেন উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার হাসান ও চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই গ্রামের কাদের। এসময় স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ও বেল্লাল শরীফ ৭০০ টাকা দরে দুই কেজি করে মাংস কিনতে যান। এসময় হরিণের মাংস বিক্রি হচ্ছে জানতে পেরে আশপাশের লোকজন মাংস কিনতে যাওয়া দুই ব্যক্তিকে আটক করেন। কিন্তু মাংস বিক্রি করতে আসা হাসান ও কাদের সেখান থেকে পালিয়ে যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে হরিণের মাংস জব্দ করে এবং আটক দুই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
মোংলা থানার এসআই মো. মিরাজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১২ কেজি হরিণের মাংসসহ সাদ্দাম ও বেল্লাল নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
টুটুল/ মাসুদ