ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বড় ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোট ভাইও

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:০৯, ১৩ নভেম্বর ২০২৪

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়ায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেছেন ছোট ভাইও। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 বুধবার (১৩ নভেম্বর) ভোরে ইউনিয়নের খায়েরচর এলাকায় এই ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই এলাকার নুরুল হক শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার (৪৫) ও মোহাম্মদ আলী (৪২)।

আরো পড়ুন:

স্বজনেরা জানান, জাহাঙ্গীর শিকদার পেশায় বাস চালক ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। স্বজনেরা দ্রুত তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে নিজ কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ আলী। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর ও মোহাম্মদ আলীর ছোট ভাই কানন শিকদার বলেন, ‘আমরা ৬ ভাই। সবার সঙ্গেই সবার ভালো সম্পর্ক। মঙ্গলবার দিবাগত রাতে মেজো ভাই জাহাঙ্গীর শিকদার স্ট্রোক করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এই খবর শুনে নোয়া ভাই হাফেজ মোহাম্মদ আলীও স্ট্রোক করে মারা যান।’

জাহাঙ্গীর ও মোহাম্মদ আলীর মামা জব্বর তালুকদার বলেন, ‘ভাইদের মধ্যে খুব মহব্বত ছিল। যেকোনো অনুষ্ঠানে সবাই একসঙ্গে অংশগ্রহণ করত। আজ বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইও মারা গেছে। এটা আসলে মেনে নেওয়া আমাদের জন্য কষ্টকর।’

শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় বলেন, ‘জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিল। সকালে ওর মরদেহ বাড়িতে পৌঁছে দেই। এর কিছুক্ষণ পর জানতে পারি, জাহাঙ্গীরের মৃত্যুর খবর শুনে তার ছোট ভাইও মারা গেছেন।’

শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ড. কাইয়ুম স্ট্রোক করে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/আকাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়