ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় মুক্তিযোদ্ধা লাঞ্ছিত

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:৩৫, ২৩ ডিসেম্বর ২০২৪
কুমিল্লায় মুক্তিযোদ্ধা লাঞ্ছিত

কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল হাই কানু নামে একজন মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রবিবার (২২ ডিসেম্বর) চৌদ্দগ্রামে আবদুল হাই কানুর নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। রাতে তার গলায় জুতার মালা ও তাকে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়ার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।  

ভুক্তভোগীর সঙ্গে রাতেই কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তারুজ্জামান। 

আবদুল হাই কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয়রা জানান, সাবেক এমপি মুজিবুল হকের সঙ্গে তার বিরোধ রয়েছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় ১০ থেকে ১২ জন ব্যক্তি আবদুল হাইয়ের গলায় জুতার মালা পরিয়ে দিয়েছেন এবং তিনি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন। এ সময় তিনি জুতার মালা সরিয়ে এলাকায় আর আসবেন না বলেও জানান। এ সময় তার ভিডিও ধারণ করা হয় এবং ছবি নেওয়া হয়। ওই ব্যক্তিরা বলতে থাকেন ‘এক গ্রাম লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা?’ অন্যরা বলতে থাকেন ‘তিনি কুমিল্লা আউট, এলাকা আউট, ছেড়ে দাও।’ 

এ বিষয়ে আবদুল হাই সাংবাদিকদের বলেন, “হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতার মালা গালায় দিয়ে ভিডিও করেন। বিচার কার কাছে চাইব? মামলা দিয়ে আর কি হবে!” 

রাতে সাড়ে ১১টার দিকে এটিএম আক্তারুজ্জামান বলেন, “ঘটনার পর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগত করেছিলেন। এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও জানান। তবে রাতে ভিডিওটি ভাইরাল হওয়ায় তাকে আবারও অভিযোগ দিতে বলা হয়েছে। তিনি অভিযোগ দেবেন কিনা বিষয়টি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।” 

ঘটনার বিষয়ে রাতে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মো. মাহফুজুর রহমান বলেন, “এ ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। প্রবাসী আবুল হাসেম আমাদের দলের কেউ না। তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে। এ বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।”

ঢাকা/রুবেল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়