ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ১৫০ রকমের ফলের পসরা

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ২৪ জুন ২০২৫  
রাজশাহীতে ১৫০ রকমের ফলের পসরা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালকের কার্যালয় চত্বরে মেলার আয়োজন করা হয়েছে

রপ্তানিযোগ্য ও নিরাপদ আম উৎপাদনকে উৎসাহিত করতে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আম মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালকের কার্যালয় চত্বরে মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।

‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’-এর আওতায় আয়োজিত এ মেলা চলবে আগামী ২৬ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২১টি স্টলে আমসহ প্রায় ১৫০ প্রকারের দেশীয় ফলের প্রদর্শনী করা হচ্ছে।

আরো পড়ুন:

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রপ্তানিযোগ্য আম উৎপাদন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২১টি স্টল স্থান পেয়েছে। যেখানে আমসহ বিভিন্ন রকমের দেশীয় ফলের প্রদর্শনী করা হচ্ছে। আর শুধু আমই আছে শতাধিক জাতের। এর মধ্যে ল্যাংড়া, হাশিখুশি গুটি, জরদাগুটি, দুধস্বর, হিমগুটি, ফজলি গুটি, লখনা, আশ্বিনা, পেতা, রেড পালমার, বোম্বাই গুটি, মল্লিকা, হাঁড়িভাঙ্গা, লম্বাভাদ্রি, কাচা মিঠাই, মোহনা, ছিনুক আশ্বিনা, আড়াজাম, মিশ্রিকান্ত গুটি উল্লেখযোগ্য।

আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে কৃষকরা দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম নিজ দেশের মাটিতে চাষ করার পদ্ধতি সম্পর্কে ধারণা নিতে পারবেন। এতে আম চাষ করে বিদেশে রপ্তানির মাধ্যমে ব্যাপক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা স্বাস্থ্য সচেতন মানুষ রয়েছে তাদের জন্যও এ মেলাটি ব্যাপক ভূমিকা রাখবে। এ মেলায় আম সংরক্ষণ ও আম চাষে প্রতিকূলতার সকল সমাধান নিয়ে বিভিন্ন স্টল সাজিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘‘বাংলাদেশের আমের সুনাম বিশ্বজুড়ে। অনেক দেশেই আম রপ্তানি হচ্ছে। বিশ্বজুড়ে আম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।’’ তিনি সাহিত্য ও সংস্কৃতিতে আমের উপস্থিতির কথাও তুলে ধরেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারজানা ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান।

স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক উম্মে ছালমা। উপস্থিত ছিলেন পবা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম এ মান্নান।
 

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়